গত সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে নতুন কার্ডের উদ্বোধনের ঘোষণা করা হয়। গণমাধ্যমে পাঠানো প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ‘টাইটেনিয়াম মাস্টারকার্ড’র গ্রাহকরা মাস্টারকার্ডের ১২শ’র বেশি ব্যবসায়িক নেটওয়ার্কে মূল্যছাড়সহ বিভিন্ন সুবিধা পাবেন।
অনুষ্ঠানে জানানো হয়, কার্ড নেওয়ার পর প্রথম বছর গ্রাহকরা বিনামূল্যে বেশ কিছু সুবিধা পাবেন। এর মধ্যে জীবন বীমার সুবিধাও রয়েছে। কোনও দুর্ঘটনায় কার্ডধারীর মৃত্যু হলে ওয়ারিশরা পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। এছাড়া কক্সবাজার ও সিলেটের শীর্ষস্থানীয় হোটেল ও রিসোর্টগুলোয় ‘বাই ওয়ান গেট ওয়ান’ অর্থাৎ সেখানে বিনামূল্যে অতিরিক্ত রাত কাটানোর সুবিধা পাবেন। এছাড়া রয়েছে- শূন্য শতাংশ সুদে ১২ মাস পর্যন্ত টাকা পরিশোধের সুযোগ, বছরব্যাপী ক্যাশব্যাক সুবিধা এবং বছরে ১২টি লেনদেন করলে সম্পূর্ণ বিনামূল্যে কার্ড নবায়নের সুবিধা।
লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, লংকাবাংলা ফাইন্যান্স সবসময় গ্রাহকের সুবিধার্থে বিস্তৃত পরিসরে সেবা দেওয়ার চেষ্টা করে। মাস্টারকার্ডের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে টাইটেনিয়াম ক্রেডিট কার্ড চালু করতে পেরে আমরা আনন্দিত।
মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, দেশে আর্থিক সেবা প্রদানে একটি শীর্ষস্থানীয় ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে লংকাবাংলা ফাইন্যান্সের যথেষ্ট সুনাম রয়েছে। গ্রাহকদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী লংকাবাংলার সহযোগিতায় এই সেবা চালু করতে পেরে আমরা আনন্দিত।
লংকাবাংলার উপব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার, রিটেইল ফিন্যান্সের প্রধান খোরশেদ আলম, মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট গীতাঙ্ক ডি দত্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
/এসএনএইচ/