ব্যবসায়ীদের জঙ্গিবাদ বিরোধী কনভেনশন সেপ্টেম্বরে: মাতলুব আহমাদ

মাতলুব আহমাদআগামী সেপ্টেম্বর মাসে জঙ্গিবাদ বিরোধী কনভেনশন করবে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)। তবে ওই মাসে কত তারিখে এ কনভেনশন অনুষ্ঠিত হবে তা প্রধানমন্ত্রী সময় দেওয়ার পরে জানানো হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মাতলুব আহমাদ।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে বাংলা ট্রিবিউনকে তিনি এ কথা জানান।

মাতলুব আহমাদ বলেন, আগামী সেপ্টেম্বর মাসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ কনভেনশন অনুষ্ঠত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে আবেদন করা হয়েছে। সময় পেলেই কনভেনশনের তারিখ নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, গত পহেলা জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় আমরা বিষ্মিত হয়েছি। ওই ঘটনায় দেশের তিন বাহিনীর প্রধানরা উপস্থিত থেকে ঘটনা মোকাবিলা করেছেন। পৃথিবীতে এ ধরনের ঘটনা ইতিহাসে বিরল।

মাতলুব আহমাদ বলেন, সাম্প্রতিক বিভিন্ন হামলার ঘটনায় আমাদের ব্যবসা কমেনি, উল্টো চাহিদা বেড়েছে। এখন চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ কঠিন হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, আমরা শিগগির জঙ্গিবাদের প্রভাব বিষয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করবো।  যেখানে বাণিজ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। সেখানে তিনি আমাদের আরও দিক নির্দেশনা দেবেন।

মাতলুব আহমাদ বলেন, তার কয়েকটা কোম্পানিটিতে বিদেশি প্রকৌশলীরা কাজ করছেন। জঙ্গি হামলায় তারা কেউ দেশ ছাড়েননি। সবাই কাজ করছেন। কাজেই আতঙ্কের কিছু নাই। এ সময় তিনি সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতা করার অনুরোধ জানান।

/এসআই/এসএনএইচ/
আরও পড়ুন: 

গাজীপুর বারে হামলা মামলা: ৬ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল, খালাস ২

নিহত জঙ্গিরা বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক
বিএনপির সঙ্গে জঙ্গিদের গোপন যোগসূত্র আছে কিনা দেখতে হবে: প্রধানমন্ত্রী