দক্ষিণ-এশিয়ার অর্থনৈতিক অগ্রগতি অর্জন এবং শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে সার্কভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশ তার সহযোগিতা অব্যাহত রাখবে।
শুক্রবার (২৬ আগস্ট) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সার্ক অর্থমন্ত্রীদের ৮ম বৈঠকে এ আহ্বান জানান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দিনব্যাপী এ বৈঠকের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বে অর্থনৈতিক মন্দার পরও সার্কের সদস্য রাষ্ট্রগুলোতে জিডিপি অর্জন অব্যাহত রয়েছে।’ তিনি বলেন, 'শুরু থেকে সার্ক দৃশ্যমান অনেক ভালো কাজ করেছে। তবে জনগণের প্রত্যাশিত লক্ষ্য অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি এখনও হয়নি। এটি অনেকাংশেই নির্ভর করছে সাফটা এবং বাণিজ্য-সংক্রান্ত অন্যান্য চুক্তি বাস্তবায়নের ওপর।'
তিনি বলেন, 'আঞ্চলিক সামঞ্জস্যতার স্বার্থে আমাদের প্রয়োজন সাফটার (দক্ষিণ এশিয় মুক্ত বাণিজ্য চুক্তি) অধীনে বাণিজ্যকে আরও উদার করা। পাশাপাশি আঞ্চলিক সংযোগ-চুক্তি যেন দ্রুত স্বাক্ষরিত হয়, তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া সমন্বয় সাধন করতে হবে শুল্ক-প্রক্রিয়া ও দলিল উপস্থাপনে মধ্যে।'
প্রতিমন্ত্রী সার্ক এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিস-এর (সাটিস) আওতায় ‘সার্ক এগ্রিমেন্ট অন প্রমোশন এন্ড প্রোটেকশন অব ইনভেস্টমেন্ট’এর খসড়া এবং ‘সার্ক এগ্রিমেন্ট অন এভয়েড্যান্স অব ডবল ট্যাক্সেশন এন্ড মিউচুয়াল এডমিনিস্ট্রেটিভ এসিসট্যান্স ইন ট্যাক্স ম্যাটার’এর খসড়া দ্রুত চূড়ান্ত করতে দক্ষিণ এশিয় অঞ্চলের রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক ও অর্থনৈতিক মন্দা সত্ত্বেও গত পাঁচ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার গড়ে ৬ দশমিক ৪ রয়েছে। চলতি অর্থবছরে এই প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ ইউসুফ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সার্ক) তারেক আহমেদ, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মো. নাজমুল হুদা, অর্থ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. আবুল কালাম ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ফওজিয়া রহমান।
/এসআই/এআরএল/
আরও পড়ুন:
তিন ঘণ্টায় দুই সেন্টিমিটার করে পানি বাড়ছে পদ্মায়, ৩০টি গ্রাম প্লাবিত