দুনীর্তির কারণে রাষ্ট্রায়ত্ত সোনালী ও বেসিক ব্যাংক এখন বিপদে আছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এই দুইটি ব্যাংকের স্বাস্থ্য খারাপ হলেও দেশের আর্থিক খাতের স্বাস্থ্য ভালো আছে।’ তিনি বলেন, ‘শোক দিবসের আলোচনায় এসে ব্যাংক খাতের প্রকৃত স্বাস্থ্য জানার সুযোগ হয়েছে৷ বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতের স্বাস্থ্য কিভাবে রক্ষা করছে, তা জানার সুযোগ হয়েছে৷ তিনি বলেন, বর্তমানে আর্থিক খাতের অবস্থা খুব ভালো।’
সোনালী ও বেসিক ব্যাংককে ঠিক করতে সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এরই অংশ হিসেবে দুষ্কর্মের সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে৷ তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে৷ এটাই প্রমাণ করে আর্থিক খাতের স্বাস্থ্য এখন আগের যেকোনও সময়ের চেয়ে ভালো৷’
জাতীয় শোক দিবস পালন কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক শাখার সভাপতি নেছার আহাম্মদ ভূঞার সভাপতিত্বে শোক সভায় আরও বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গর্ভনর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও এসকে সুর চৌধুরী প্রমুখ৷
এর আগে দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী৷ গর্ভনর ফজলে কবিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে ডেপুটি গর্ভনর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও এসকে সুর চৌধুরী উপস্থিত ছিলেন৷ এসময় রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনার বিষয় ও ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়৷ বিকালে অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকসহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন৷
/জিএম/এমএনএইচ/