বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘শিল্পখাতে উন্নয়নের লক্ষ্যে ইরানের সঙ্গে অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বিনিময়ের ক্ষেত্র চিহ্নিত করা এ সফরের অন্যতম লক্ষ্য। সফরকালে তিনি চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের বিসিআইসি) চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন এবং শিল্পমন্ত্রীর সহকারী একান্ত সচিব এফ এম মাহমুদ প্রতিনিধিদলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
চার দিনের এ সফরে শিল্পমন্ত্রী ইরানের উপ-রাষ্ট্রপতি, শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং ইস্পাহান প্রদেশের গভর্নর জেনারেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া, তিনি ইরান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবং ইস্পাহানের শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে মত-বিনিময় করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ এবং ইরানের মধ্যে ঐতিহাসিকভাবে ব্যবসা-বাণিজ্য ও সুদৃঢ় সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এটি কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইরান সরকার শিল্পমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
শিল্পমন্ত্রীর এ সফরের মাধ্যমে ম্যানুফ্যাকচারিং ও সেবা শিল্পখাত এবং অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে ইরানের সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর ফলে দু’দেশের শিল্পখাতে কারিগরি জ্ঞান, প্রযুক্তি ও ব্যবস্থাপনা দক্ষতা বিনিময়ের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
শিল্পমন্ত্রীর আগামী ৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
/এসআই/এমএনএইচ/