সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকেই রাজধানীর পুরানা পল্টন এলাকার বিএমএ ভবনসহ বেশির ভাগ মার্কেট, শপিংমল, দোকানপাট বন্ধ রয়েছে। একইসঙ্গে পুরান ঢাকার বিভিন্ন এলাকার বেশিরভাগ দোকানপাটও বন্ধ রয়েছে বলে জানা যায়। দোকান মালিক ও ব্যবসায়ীরা বন্ধ মার্কেটের সামনে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে। কিছু কিছু স্থানে মানববন্ধন না থাকলেও রয়েছে কালোর জমিনে সাদা অক্ষরে লেখা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার।
মানববন্ধনে দোকান মালিকদের ভাষ্য, দাবি পূরণ না হলে আজকের পর অনুরূপ কর্মসূচি আরও বড় পরিসরে পালন করা হবে। প্রয়োজনে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।
বুধবার দুপুরে বিএমএ ভবনে গিয়ে দেখা যায় অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে পুরানা পল্টন এলাকার বেশিরভাগ দোকান । এছাড়া তোপখানা রোড, কাকরাইল ইত্যাদি এলাকারও বেশির ভাগ দোকানপাট বন্ধ দেখা গেছে। দোকান মালিকরা তাদের মার্কেটের সামনে দাবি সম্বলিত ব্যানার টাঙিয়ে রেখেছেন।
বাংলাদেশ মেডিক্যাল ইন্সট্রুমেন্ট অ্যান্ড হসপিটাল ইক্যুইয়েপমেন্ট ডিলার অ্যান্ড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়শনের সাবেক সাধারণ সম্পাদক ও আন্দোলনের অন্যতম সংগঠক আকরাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আজ আমরা ধর্মঘট করছি। দাবি পূরণ না হলে ১২ নভেম্বর থেকে লাগাতার কর্মসূচিতে যাব।
‘ভ্যাট আদায়ের নামে কর্মকর্তাদের দৌরাত্ম্য অনেক বেড়েছে’ বলে মন্তব্য করেন সংগঠনটির সাবেক এই সাধারণ সম্পাদক।
/ওএফ/এইচকে/