সুস্থ নাগরিক গড়তে তামাক নির্মূলের চেষ্টা থাকবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ফটো)দেশ থেকে চিরতরে তামাক নির্মূল করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত তামাকের ক্ষতিকর ঝুঁকির সতর্কবার্তার প্রচারাভিযান ‘লিভ লং’-এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘তামাকজাত পণ্য সেবনের ফলে মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। আমাদের দেশে আন্তর্জাতিক একটি সংস্থার গবেষণা অনুযায়ী ৪৭ শতাংশ মানুষ ধূমপান করে। তামাক চাষাবাদে নিয়ন্ত্রণমূলক আইন তৈরি হচ্ছে। কৃষি জমিতে তামাক চাষ নিরুৎসাহিত করা হয়েছে। বহুজাতিক তামাক কোম্পানিগুলো খুবই শক্তিশালী। আমাদের দেশের তামাক কোম্পানিগুলোও কম শক্তিশালী নয়।’
তিনি আরও বলেন, ‘তামাক খাত থেকে একটি বড় অঙ্কের রাজস্ব আসে। কিন্তু তামাকজনিত রোগের চিকিৎসার ব্যয়ে সরকারকে কয়েকগুণ খরচ বহন করতে হয়। সরকারের সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়টি বুঝতে হবে।’
জাহিদ মালেক বলেন, ‘আমরা চাই সুস্থ নাগরিক। দেশ পরিচালনায় প্রয়োজন সুস্থ নাগরিক। সুস্থ নাগরিক গড়ে তুলতে এদেশ থেকে তামাক চিরতরে নির্মূল হোক, সে চেষ্টা আমাদের থাকবে।’
অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ধূমপানের ব্যবসা অনেক লাভজনক। এ কারণে অনেক ব্যবসায়ী এ ব্যবসা ছাড়তে চান না। এ ব্যবসায় কোটি টাকার মুনাফা হয়। এ কারণেই তারা ছাড়েন না। আমরা তামাক খাতে ১০ হাজার কোটি টাকা রাজস্ব পাই। কিন্তু তামাকজনিত রোগের চিকিৎসা দিতে এর দশগুণ বেশি খরচ করতে হয়। বিষয়টি ব্যবসায়ীরা বুঝেও বুঝতে চান না। তারা শুধু ব্যবসা বোঝেন। তামাক চাষের ওপর নিয়ন্ত্রণ অনেক প্রয়োজন।’

অনুষ্ঠানে জানানো হয়,এই ক্যাম্পেইন উপলক্ষে বুধবার থেকে মাসব্যাপী দেশের বিভিন্ন টেলিভিশনে ৩০ সেকেন্ডের একটি ভিডিও চিত্র কমপক্ষে পাঁচ হাজারবার প্রচার করা হবে। একই সঙ্গে এ উপলক্ষে দেশব্যাপী পোস্টার ও বিলবোর্ড লাগানো হবে।

/এসআই/এসএনএইচ/ এপিএইচ/