বুধবার (১৫ মার্চ) বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেট আলোচনা ও রাজস্ব সংলাপে এ কথা বলেছেন সরকারদলীয় সংসদ সদস্য মোজাম্মেল হোসেন।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সংলাপে সাবেক এই মন্ত্রী বলেন, ‘যারা আয়কর দেন এবং যারা দেন না, তারা এক হতে পারেন না। তাই যারা আয়কর দেন, তাদের সম্মানিত করার ব্যবস্থা থাকতে হবে।’ এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি এনবিআর চেয়ারম্যানের কাছে প্রস্তাব করেন।
অনেকেই মনে করেন, ট্যাক্স দিলে টাকা কমে যায়। এ ধারণা প্রসঙ্গে মোজাম্মেল হোসেন বলেন, ‘ট্যাক্স দেওয়ার পর যদি কারও টাকা কমে যায়, তাহলে তিনি যেন আমার কাছ থেকে টাকা নিয়ে যান।’ এসময় ট্যাক্স থেকে প্রাপ্ত অর্থ সদ্ব্যাহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সংলাপে রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে বাগেরহাট-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, দেশের উন্নয়নের জন্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র জরুরি। যারা দেশের উন্নতি চায় না, তারাই এর বিরোধিতা করছে।
বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সংলাপে আরও বক্তব্য রাখেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, এনবিআর সদস্য ফরিদ উদ্দিন, কালীপদ হলদার ও পারভেজ ইকবাল প্রমুখ।
/জিএম/টিআর/