মূলধনের ৫ শতাংশের বেশি বন্ডে বিনিয়োগ করতে পারবে না ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

মূলধনের ৫ শতাংশের বেশি বন্ডে বা ডিবেঞ্চারে বিনিয়োগ করতে পারবে না পুঁজি বাজারের তালিকাভুক্ত কোনও ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে বন্ড কিংবা ডিবেঞ্চারে বিনিয়োগের ক্ষেত্রে নতুন সীমা বেঁধে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি  প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ নির্দেশনার আগে ব্যাংকগুলো তাদের মূলধনের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত অন্য যে কোনও কোম্পানির বন্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ করতে পারতো।

সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনও ব্যাংক-কোম্পানি তার আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন্ড আর্নিংসের মোট পরিমাণের ৫ শতাংশের অধিক কোনও একটি কোম্পানির বন্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ করতে পারবে না। এছাড়া বিনিয়োগের কোনও বাণিজ্যিক ব্যাংক অন্য কোনও কোম্পানির বন্ড কিংবা ডিবেঞ্চারে বিনিয়োগের ক্ষেত্রে একক গ্রাহক ঋণ সীমা সংক্রান্ত নির্দেশনাটি অনুসরণ করতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট বন্ড বা ডিবেঞ্চার বাংলাদেশ সিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কর্তৃক অনুমোদিত হতে হবে। বন্ড বা ডিবেঞ্চার ইস্যুকারী কোম্পানির এক্সট্রানাল ক্রেডিট রেটিং বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত এক্সট্রানাল ক্রেডিট অ্যাসেসমেন্ট ইনস্টিটিউশন (ইসিএআই) দ্বারা সম্পাদিত হতে হবে।

এক্ষেত্রে ইস্যুয়ার কোম্পানির এক্সট্রানাল ক্রেডিট রেটিং বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত রিক্স বেইজ ক্যাপিটাল অ্যাডিকোয়েন্সি গাইডলাইন্সে বর্ণিত বিবিএস রেটিং গ্রেড অনুযায়ী  দীর্ঘ মেয়াদে সর্বনিম্ন ২ এবং স্বল্প মেয়াদে সর্বনিম্ন এস ২ হতে হবে।’

/জিএম/টিএন/