কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এক নির্বাহী পরিচালককে অব্যাহতি

বাংলাদেশ ব্যাংকনির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করায় বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালককে তার নিয়মিত কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর মহাব্যবস্থাপক নূর-উন-নাহার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিভাগীয় আদেশ জারি করা হয়েছে।
ওই আদেশে বলা হয়েছে, ‘হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর নির্দেশে দেবাশিস চক্রবর্তীকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয় হতে রাজশাহী অফিসে বহাল করা হয়। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে দেবাশিস চক্রবর্তীকে বদলিকৃত অফিসে যোগ দেওয়ার জন্য বিমুক্ত করা হলো।’
কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ গত ১ মার্চ প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক দেবাশিস চক্রবর্তীকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে বদলির আদেশ দেয়। যার স্মারক নং- কর্মচারী নির্দেশ নং-এইচআরডি-১:১১৭/২০১৭। ওই আদেশের এক মাস অতিবাহিত হলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি।

অব্যাহতি পত্রকেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, কোনও কর্মকর্তার বদলি আদেশের সাধারণভাবে তিনি এক মাস পর্যন্ত পুরনো কর্মস্থলে থাকতে পারেন। এর কোনও ব্যতয় হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু দেবাশিস চক্রবর্তী নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেননি। নির্ধারিত সময়ের ১২ দিন পার হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক বলপূর্বক বদলির এই আদেশ দেয়।

/জিএম/এমও/