শনিবার রাজধানীর ধানমণ্ডির প্রিয়ংকা কমিউনিটি সেন্টারে ‘চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ’ আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহীন আহমেদ। সভায় নয় দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ।
ঐক্য পরিষদ ঘোষিত নতুন কর্মসূচি হচ্ছে- আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ড অ্যাসোসিয়েশনের ও হাইড অ্যান্ড স্কিন রিটেইল ডিলার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা, ১৮ এপ্রিল ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে ঢাকা ট্যানারি মোড়ে সমাবেশ, ২০ এপ্রিল লেদার কেমিক্যাল ব্যবসায়ী সমবায় সমিতি ও কেমিক্যাল ইম্পোর্টাস অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা, ২২ এপ্রিল ঢাকা ট্যানারি মোড়ে মৌন মিছিল, ২৭ এপ্রিল চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস এবং ২৯ এপ্রিল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে সংগঠনটি। এ সময় চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ বিসিক অফিস ঘেরাওয়ের কর্মসূচি দিলেও এর তারিখ জানানো হয়নি।
এ সময় চামড়া শিল্প ঐক্য পরিষদের পক্ষ থেকে কয়েকটি দাবিও জানানো হয়। তাদের দাবির মধ্যে রয়েছে- আদালতের নির্দেশ অনুযায়ী ১৫ দিনের মধ্যে সাভার চামড়া শিল্পনগরীতে গ্যাস-বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা। শ্রমিকদের আবাসন ব্যবস্থা করা। সেক্টর সংশ্লিষ্ট সংগঠনগুলোর পুনর্বাসনের লক্ষ্যে বরাদ্দসহ প্লট না পাওয়া উদ্যোক্তাদের প্লট দেওয়া। কারখানা বন্ধের সময় শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য মালিকদের সরকারের পক্ষ থেকে এককালীন অর্থ বরাদ্দসহ ইত্যাদি।
সভায় বক্তারা বলেন, ‘বিসিক মিথ্যাচার করছে। সেখানে ইটিপি ঠিক হয়নি, গ্যাস সংযোগ সব স্থানে লাগেনি, জমির নিবন্ধনও হয়নি। এজন্য আর্থিকভাবে ক্ষতি হয়েছে।’
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ বলেন, ‘সাভার চামড়া শিল্প নগরীতে গ্যাস-বিদ্যুতের সংযোগ দেওয়া হয়নি। এজন্য সবাই ক্ষতির সম্মুখীন হয়েছি। ক্ষতিপূরণ আদায়ে আমরা বিসিকের বিরুদ্ধে মামলা করব। আন্দোলন ও আইনি লড়াই দুটোই একসঙ্গে চালবে।’
সভায় বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘উৎপাদন বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে, আমরা এই ক্ষতিপূরণ নিরুপণ করছি। বিসিককে এ ক্ষতিপূরণ দিতে হবে।’
/এসআই/এমও/