চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ

 

বিশ্বব্যাংকচলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে জানিয়েছেন বিশ্বব্যাংক। রবিবার বিশ্ব ব্যাংকের প্রতিবেদন ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ এ এই পূর্বাভাস তুলে ধরা হয়।

বাংলাদেশ ডেভেলপমেন্ট আউটলুকে বলা হয় প্রত্যাশা অনুযায়ী রফতানি ও রেমিট্যান্স আহরণ কমে যাওয়ায় গত বছরের তুলনায় এবার বাংলাদেশের প্রবৃদ্ধি কম হবে।

যদিও সরকার এ বছর ৭ দশমিক ২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন করেছে।

বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, গত অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) যেখানে বাংলাদেশ রফতানিতে ৯ শতাংশ প্রবৃদ্ধি  অর্জিত হয়েছিল এবার একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশ।

আর ওই সময়ে গত অর্থবছরে বাংলাদেশের রেমিট্যান্স কমেছিল ২ দশমিক ৫ শতাংশ। এবার কমেছে ১৬ শতাংশ।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংস্থার প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। তিনি বলেন, ‘সার্বিকভাবে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ তার ধারাবাহিকতা ধরে রেখেছে। রফতানি ও রেমিট্যান্সে কিছুটা নেতিবাচক প্রভাব বইছে। তবে স্থিতিশীলতা বজায় আছে।’

উল্লেখ্য, গত ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ অতিক্রম করে। এরপর গত জুনে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করা হয়। আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করা আছে।

/এসআই/এমএনএইচ/