ব্যাংকের আমানতের ওপর আবগারি শুল্ক না বাড়িয়ে গত অর্থবছরের অংকটাই বহাল রাখার সিদ্ধান্ত হতে যাচ্ছে। একইভাবে বিভিন্ন পণ্যে ভ্যাট আরোপের আগের সিদ্ধান্তে বেশ কিছু পরিবর্তন হতে যাচ্ছে। ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০১৭-১৮ অর্থবছরের রাজস্ব আদায়ের হিসাব সেভাবেই করতে যাচ্ছে। এ ব্যাপারে এনবিআরের সংশ্লিষ্ট দফতর থেকে নিশ্চিত করা হয়েছে।
এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান সোমবার বাংলা ট্রিবিউনকে বলেন, ব্যাংকের আমানতের ওপর আবগারি শুল্ক হার কমানোর বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়টি পরিষ্কার করেছেন। এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ।
তিনি বলেন, নতুন ভ্যাট আইনের প্রয়োগ ও আবগারি শুল্কের বিষয়টি জাতীয় সংসদে আলাপ-আলোচনার পর যেটা সাব্যস্ত হয়, সেটাই হবে। তিনি উল্লেখ করেন, যেহেতু জাতীয় সংসদে বিষয়টি উঠে গেছে সেহেতু সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে এনবিআর।
প্রসঙ্গত, প্রস্তাবিত বাজেটে আবগারি শুল্ক নিয়ে ঘোষণা আসার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। এছাড়া বিভিন্ন পণ্যে ভ্যাট আরোপসহ প্রস্তাবিত বাজেটের কিছু বিষয় নিয়ে সমালোচনার ঝড় বইছে সারা দেশে।
এদিকে ব্যাংক হিসাবে আবগারি শুল্ক না বাড়িয়ে আগের হার বহাল রাখার দাবি জানিয়েছেন সরকারদলীয় হুইপ শহীদুজ্জামান সরকার। সোমবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনাকালে তিনি বলেন, ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। গ্রামের মানুষ এক লাখ, দুই লাখ টাকা ব্যাংকে জমা রাখেন। এখন আতঙ্ক ছড়িয়েছে যে আমানতের টাকা কেটে নেওয়া হবে। তিনি অর্থমন্ত্রীকে আবগারি শুল্ক না বাড়িয়ে আগেরটা বহাল রাখার আহ্বান জানান। এ ছাড়া তিনি ভ্যাটের আওতা কমিয়ে আয়কর ও অন্যান্য প্রত্যক্ষ কর বাড়ানোর পরামর্শও দেন । তিনি বলেন, এটি করা গেলে জনগণকে আরও স্বস্তি দেওয়া যেত। কর আদায়ের এই প্রক্রিয়াগুলো অর্থমন্ত্রী গ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় সঞ্চয়পত্রের সুদের হার না কমানোরও আহ্বান জানান শহীদুজ্জামান।
এর আগে রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিছু পরিবর্তনের ইঙ্গিত দেন।
একইদিন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতারাও প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের ওপর থেকে আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি এবং করের বোঝা কমানোর পরামর্শ দেন।
রবিবার ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম বলেন, ‘জনগণের সুবিধা ও জনমতের কথা বিবেচনা করে বাজেটের সংশোধন প্রয়োজন আছে। এ লক্ষ্যে আমরা আমানতের আবগারি শুল্ক এবং সারচার্জ প্রত্যাহার করার দাবি করেছি।’
এর আগে শনিবার এক অনুষ্ঠানে ব্যাংকের আমানতে আবগারি শুল্ক কমানো উচিত বলে মন্তব্য করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ব্যাংকের আমানতে আবগারি শুল্ক কমানো উচিত। নিশ্চয়ই সরকার বিষয়টি ভেবে দেখবে। একই অনুষ্ঠানে ব্যাংকের আমানতের ওপর আবগারি শুল্কের সমালোচনা করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, এটি কেন করা হলো বিষয়টি অস্পষ্ট।
প্রসঙ্গত, প্রস্তাবিত বাজেটে এক লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত রাখলে ৮০০ টাকা আবগারি শুল্ক দিতে হবে—যা বর্তমানে আছে ৫০০ টাকা। আর ১০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ব্যাংকে টাকা রাখলে ২ হাজার ৫০০ টাকা কেটে রাখা হবে—যা বর্তমানে আছে ১ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে ১ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ব্যাংকে রাখলে আবগারি শুল্ক দিতে হবে ১২ হাজার টাকা, যা বর্তমানে আছে ৭ হাজার ৫০০ টাকা। ৫ কোটির বেশি টাকা ব্যাংকে রাখলে কেটে নেওয়া হবে ২৫ হাজার টাকা। বর্তমানে ৫ কোটি টাকার বেশি ব্যাংকে রাখলে ১৫ হাজার টাকা আবগারি শুল্ক বাবদ কেটে রাখা হয়।
উল্লেখ্য, আগামী ২৯ জুন জাতীয় সংসদে বাজেট পাস হওয়ার কথা রয়েছে।
/টিএন/আপ-এনআই