‘মেগা প্রকল্পগুলো দেশে নির্মাণ শিল্প বিকাশের সুযোগ এনে দিয়েছে’

মেগা প্রকল্পগুলো বাংলাদেশে নির্মাণ শিল্প বিকাশের অপার সুযোগ এনে দিয়েছে, বলে মনে করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বৃহস্পতিবার ঢাকা চেম্বারে বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস-২০১৭ উপলক্ষে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানপ্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘এই সুযোগ কাজে লাগাতে দেশেই আন্তর্জাতিক মানের নির্মাণ উপকরণ, যন্ত্রপাতি ও প্রযুক্তির উদ্ভাবন করা জরুরি।’

‘অ্যাক্রেডিটেশন : নির্মাণ এবং নির্মাণ পরিবেশের আস্থা বৃদ্ধি’ বিষয়ক সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান। এতে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, ‘অ্যাক্রেডিটেশনের অভাবে এতদিন বাংলাদেশকে বিশ্ব বাজারে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অর্থনীতিতে রিয়েল এস্টেট, ভবন নির্মাণ ও সংশ্লিষ্ট খাতের অবদান জিডিপির প্রায় ১৪ শতাংশ এবং ক্রমাগত তা বাড়ছে।’

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)’র মহাপরিচালক মো. আবু আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশে নির্মাণ সামগ্রী রফতানির প্রচুর সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে হলে আমাদের অবশ্যই নির্মাণ সামগ্রী, নির্মাণ প্রক্রিয়ার মান বজায় রাখতে হবে। বাংলাদেশে অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠান, ডেভেলপার, রিয়েল এস্টেট কোম্পানি থেকে অ্যাক্রিডিটেশন সার্টিফিকেট গ্রহণ করে আন্তর্জাতিক বাজারে দেশের পণ্যের চাহিদা আরও বাড়াতে পারে।’

/জিএম/এমও/