‘জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনও দেশীয় শিল্পকে সুরক্ষা নয়’

তামাকবিরোধী আন্দোলন অব্যাহত রাখতে হবে জানিয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, ‘জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনও দেশীয় শিল্পকে সুরক্ষা করা যাবে না।’ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘তামাক কর : বাজেট প্রতিক্রিয়া ২০১৭-১৮’ শীর্ষক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।


‘তামাক কর : বাজেট প্রতিক্রিয়া ২০১৭-১৮’ শীর্ষক সংবাদ সম্মেলন (ছবি: ফোকাস বাংলা)প্রধান অতিথির বক্তব্যে খলীকুজ্জমান আহমদ বলেন, ‘তরুণ প্রজন্ম তামাক থেকে মাদকের দিকে যায়, এ বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। তামাক পণ্যের দামের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। তাহলেই একসময় আমরা সুফল পাবো।’ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তামাক সেবন থেকে মানুষকে বিরত রাখতে একটা নীতিকাঠামো প্রয়োজন বলেও জানান তিনি।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ও অ্যান্টি ট্যোবাকে মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) এই যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সভাপত্বিত করেন জাতীয় অধ্যাপক ও জাতীয় হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক।
সংবাদ সম্মেলনে আবদুল মালিক বলেন, ‘দেশের অর্থনৈতিক গতি ধরে রাখতে জাতিকে সুস্থ রাখতে হবে। তামাকের কর কাঠামাতে স্তর তুলে দিতে হবে। তামাকবিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্পন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ভিবাগের অধ্যাপক ড. রুমানা হক। লিখিত বক্তব্যের প্রস্তাবনায় বলা হয়, সিগারেটে (দশ শলাকার প্যাকেট) নিম্নস্তরে ২৫.৯৫ টাকা, উচ্চস্তরে ৪৯.৬০ টাকা ও প্রিমিয়াম স্তরে ৮০ টাকা সুনির্দিষ্ট কর ধার্য করতে হবে।

পাশাপাশি, নিম্নস্তরে সিগারেটের খুচরা মূল্য ২৩ টাকার স্থলে ৪০ টাকা, উচ্চস্তরের ৭০ টাকা এবং প্রিমিয়াম স্তরে কমপক্ষে ১২০ টাকা নির্ধারণ করতে হবে। এটি করা গেলে সরকারের অতিরিক্ত রাজস্ব আয় হবে ৫ হাজার ২০০ কোটি টাকা। এসময় তামাকের চুল্লিপ্রতি বছরে ৫ হাজার টাকা লাইসেন্স ফি আরোপ করার সুপারিশও করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উবীনীগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, ড. মাহফুজুর রহমান, মুর্তজা হায়দার লিটন, ডা. সোহেল রেজা চৌধুরী, দ্য ইউনিয়নের কনসালট্যান্ট অ্যাডভোটেক মাহাবুবুল আলম, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আমিনুর রহমান, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সর (আত্মা) কো-কনভেনার নাদিরা কিরন, এবিএম জুবায়েরসহ প্রমুখ।

/এসআই/এমও/