পথশিশুদের জন্য ব্যাংকের ব্যয়কে সামাজিক দায় হিসাবে দেখানোর নির্দেশ

 

বাংলাদেশ ব্যাংকপথশিশু ও শ্রমজীবী শিশু-কিশোরদের শিক্ষার ক্ষেত্রে ব্যয় ও তাদের ব্যাংক হিসাব পরিচালনা ব্যয়কে প্রতিষ্ঠানের সামাজিক দায় (সিএসআর) হিসাবে দেখাতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (০৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফিন্যান্স বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের আওতায় বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে ব্যাংক ও এনজিও লিংকেজের মাধ্যমে সামাজিক ও আর্থিক অধিকার বঞ্চিত পথ শিশু ও কর্মজীবী শিশু-কিশোরদের জন্য ব্যাংকিং সেবা কার্যক্রম একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়, ব্যাংকিং ও আর্থিক সেবার মাধ্যমে শিশু-কিশোরদের সমাজের মূলস্রোতে নিয়ে আসা তথা দেশের ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই কার্যক্রম যেন আরও বেশি সম্পৃক্ত হতে পারে, সে ব্যাপারে ব্যাংকগুলোকে উদ্যোগ নিতে হবে।

প্রজ্ঞাপনটিতে বলা হয়, পথ শিশু ও কর্মজীবী শিশু-কিশোরদের শিক্ষা বা কারিগরি শিক্ষা অথবা আর্থিক শিক্ষা দেওয়া এবং ব্যাংক হিসাব খোলা ও পরিচালনা সংক্রান্ত ব্যয় সিএসআর কার্যক্রমের আওতায় নির্বাহ করার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া যাচ্ছে।

এর আগে ব্যাংকের কর্মকর্তা ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক  করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

/জিএম/ এমএনএইচ/