কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাংকে জাতীয় শোক দিবসের আলোচনা সভা স্থগিত করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) বিকালে রাজধানীর মতিঝিলে ব্যাংলাদেশ ব্যাংক ভবনে এ আলোচনা সভা হওয়ার কথা ছিল। এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেন্সের মহাব্যবস্থাপক জী এম আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অনিবার্য কারণবশত শোক দিবসের আলোচনা স্থগিত করা হয়েছে। তবে সন্ধ্যার পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।’ অর্থমন্ত্রী তাতে যোগ দেবেন না বলে নিশ্চিত করেছেন পাবলিকেন্সের মহাব্যবস্থাপক ।
গভর্নর তাদের জানান, এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। বিকালে শোক দিবসের আলোচনা সভার পাশাপাশি এ নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা ছিল বাংলাদেশ ব্যাংক গভর্নরের। এর আগেই শোক দিবসের আলোচনা সভা বয়কটের ঘোষণা দেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। এরপরই কর্মসূচিটি স্থগিত করা হয়।
আলোচনা সভাটির আয়োজনে ছিল জাতীয় শোক দিবস পালন কমিটি, বাংলাদেশ ব্যাংক। এতে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বিশেষ অতিথি থাকার কথা ছিল। সম্মানিত অতিথি থাকার কথা ছিল বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজি হাসান, এস কে সুর চৌধুরী ও এস এম মনিরুজ্জামান। আলোচনা সভায় বঙ্গবন্ধু পরিষদের বাংলাদেশ ব্যাংক শাখার সভাপতি নেছার আহাম্মদ ভূঁঞার সভাপতিত্ব করার কথা ছিল।