ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ ধারণা দিয়েই নতুন ভ্যাট আইন কার্যকর হবে

এনবিআরের মতবিনিময় সভাব্যবসায়ীদের পূর্ণাঙ্গ ধারণা দিয়েই নতুন ভ্যাট আইন কার্যকর হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড -এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, ‘আমরা এখন নতুন ভ্যাট আইনের আরও গভীরে যেতে চাই। ব্যবসায়ীদের এ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিতে চাই।’ রবিবার (০৮ অক্টোবর) রাজধানীর আইডিইবি ভবনে ভ্যাট অনলাইন প্রকল্প আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘জাতীয় অর্থনীতিতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অভিঘাত বিষয়ে গবেষণা’ শীর্ষক এই মতবিনিময় সভায় এফবিসিসিআইর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সিনিয়র সহসভাপতি শেখ ফজলে ফাহিম, পিআরআই এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. নজিবুর রহমান বলেন, ‘এককভাবে এনবিআর আর কিছু করতে চায় না। আমরা ব্যবসায়ী সমাজ ও বিনিয়োগকারীদের নিয়েই কাজ করতে চাই। নতুন ভ্যাট আইনের ইম্প্যাক্ট নিয়ে যে গবেষণা শুরু করা হবে, তা যৌথভাবে হবে। এতে অ্যানালাইসিস হবে অপারেশনাল অ্যাকশন রিসার্চ। এখান থেকে একটি অ্যাকশন প্ল্যান তৈরি হবে।’

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘ভ্যাট নিয়ে যে চ্যালেঞ্জ ছিল, আজ দেখছি সেটা আমাদের জন্য সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে। এখন গবেষণার মাধ্যমে আমরা চ্যালেঞ্জগুলো আরও মোকাবিলা করার সুযোগ পাচ্ছি।’

তিনি বলেন, ‘আমি সব সময় বলি– এভরি চ্যালেঞ্জ ব্রিংস অপারচুনিটি। ভ্যাট নিয়ে আমাদের যে চ্যালেঞ্জ ছিল আজ দেখছি সেটাও আমাদের জন্য অপরচুনিটি হয়ে দাঁড়িয়েছে।’ তিনি উল্লেখ করেন, এফবিসিসিআই ও এনবিআর স্বাধীনতার পর থেকে এক সঙ্গে হাত ধরে চলছে। তিনি বলেন, ‘২০১৫ সালে এফবিসিসিআইয়ের সঙ্গে ভ্যাট জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ, ট্যাক্স ওয়ার্কিং গ্রুপ ও কাস্টমস ওয়ার্কিং গ্রুপ তৈরি হয়। এই তিন ওয়ার্কিং গ্রুপকে এখন সক্রিয় করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যক্ষ আইন নিয়ে কাজ শুরু করেছি। এই আইন নিয়ে আমরা এফবিসিসিআইয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবো। আয়কর আইনের যে নতুন খসড়া তৈরি হচ্ছে সেটা নিয়ে আমরা এফবিসিসিআইয়ের সঙ্গে বসতে চাই। বসে কোথায় কোথায় দৃষ্টি দেওয়া প্রয়োজন সেটা বুঝতে চাই। কাস্টমস অ্যাক্ট এর যে খসড়া তৈরি হয়েছে, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো অথোরাইজ ইকোনমিক অপারেটর, গ্রিন চ্যানেল, পোস্ট ক্লিয়ারেন্স অডিট নিয়ে যে কাজ করছি সেগুলো নিয়েও বসতে চাই।’

নজিবুর রহমান বলেন, ‘আমরা দেশীয় গবেষণা সংস্থা নিয়ে একটি কনসোর্টিয়াম অব রিসার্চ এনটিটিসিজ তৈরি করতে চাই। বিআইডিএস, সিপিডি, পিআরআই, বাংলাদেশ অর্থনীতি সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, বেসিস ওই কনসোর্টিয়ামে থাকতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, বিডা, এফবিসিসিআইসহ সব সংস্থা নিয়ে একটি রিভিউ গ্রুপ করতে পারি। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে রিভিউ করে এই গবেষণা শেষ করতে পারি।’

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘বিশ্বাস ও আস্থার জায়গায় ফিরিয়ে আনতে গবেষণা হলে সেটা হবে ভালো, তবে সেটা অবশ্য স্বতন্ত্র হতে হবে। কাউকে খুশি করার জন্য ভ্যাট নিয়ে গবেষণার দরকার নেই।’ তিনি আরও বলেন, ‘এ গবেষণা কোনও ব্যবসায়ী সমাজ, যারা ট্যাক্স দেন না বা এনবিআরের কাউকে খুশি করার জন্য যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’ এই ব্যবসায়ী নেতা বলেন, ‘আমরা চাই ভ্যাটের অর্থ পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অবকাঠামো উন্নয়নের মতো খাতে ব্যয় করা হোক। আর সেটা হলে আমরা তা দিতে উদ্বুদ্ধ হবো।’