প্রসঙ্গত, আগে থেকেই বস্ত্র ও চামড়া খাত এ সুবিধা পেয়ে আসছিল। মাত্র সাড়ে চার শতাংশ সুদে এই তহবিল থেকে ঋণ নিতে পারবেন কারখানা মালিকরা। কম সুদে ঋণ দিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গত বছরের জানুয়ারিতে ২০ কোটি ডলারের এ তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০১৬ সালের জানুয়ারি মাসে এ তহবিল গঠন করা হয়। তবে বিভিন্ন কারণে এ তহবিল থেকে কোনও ঋণ বিতরণ হয়নি। গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড নামের এ তহবিল থেকে এতদিন শুধুমাত্র রফতানিমুখী বস্ত্র ও চামড়া খাতের কারখানা মালিকরা ঋণ নিতে পারতেন। মূলত বিদ্যমান কারখানা পরিবেশবান্ধব শিল্পে রূপান্তরের জন্য বিভিন্ন মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য এ ঋণ দেওয়া হয়। পাট খাতের রফতানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এখন থেকে এ ঋণসুবিধা নিতে পারবেন।
এর আগে গত আগস্টে এই তহবিলের সুদহার কমিয়ে একটি সার্কুলার জারি করা হয়। সে অনুযায়ী চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ছয় মাসের লাইবর (লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট) যোগ এক শতাংশ সুদে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ পাবে। এতদিন যা ছিল দুই শতাংশ। আর গ্রাহক পর্যায়ে ব্যাংকগুলো এর সঙ্গে এক থেকে সর্বোচ্চ দুই শতাংশ সুদ যোগ করে বিতরণ করবে। আগে যা আড়াই শতাংশ যোগ করার সুযোগ ছিল। বর্তমানে লাইবর রয়েছে এক দশমিক ৪৬ শতাংশ। এর ফলে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদহার দাঁড়াবে চার দশমিক ৪৬ শতাংশ।
আরও পড়ুন: বড় দরপতন দুই পুঁজিবাজারে