ইসলামী ব্যাংকের স্টাইলে এবার এসআইবিএলে পরিবর্তন!

সোশ্যাল ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংকের মতোই এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) মালিকানায় বড় ধরনের পরিবর্তন এসেছে। পুনর্গঠন করা হয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। ইসলামী ব্যাংকের স্টাইলে সরিয়ে দেওয়া হয়েছে এই ব্যাংকটির চেয়ারম্যান মেজর (অব.) ড. রেজাউল হককে। পদত্যাগে বাধ্য করা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহিদ হোসেনকেও।

এসআইবিএল-এর চেয়ারম্যান পদে নতুন নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ। নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি কাজী ওসমান আলী। এছাড়া, ব্যাংকটির কার্যনির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান করা হয়েছে বেলাল আহমেদকে। তিনি এস আলম গ্রুপের একজন কর্মকর্তার আত্মীয়। এসআইবিএলের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এসআইবিএল-এর পরিচালনা পর্ষদের সভায় এই রদবদল আনা হয়। বৈঠকে ব্যাংকটির চেয়ারম্যান রেজাউল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুল হক, এমডি শহীদ হোসেন উপস্থিত ছিলেন না।

এ প্রসঙ্গে নব নিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ বাংলা ট্রিবিউনকে বলেন,‘আজকের (সোমবার) বোর্ড সভায় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়। ব্যাংকটির চেয়ারম্যান প্রকৌশলী মোস্তফা আনোয়ারকে সরিয়ে নতুন চেয়ারম্যান করা হয় সরকারের সাবেক সচিব আরাস্তু খানকে। পদত্যাগে বাধ্য করা হয় ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নানকে। নতুন এমডির দায়িত্ব দেওয়া হয় ইউনিয়ন ব্যাংকের এমডি মো. আবদুল হামিদ মিঞাকে। কোম্পানি সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয় ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কোম্পানি সচিব জাহিদুল কুদ্দুস মোহাম্মদ হাবিবুল্লাহকে।

আগে জামায়াত ঘরানার ব্যক্তিরা ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ করলেও এখন সেই নিয়ন্ত্রণ চলে গেছে ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের হাতে। এছাড়া,  ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকেও কর্তৃত্ব রয়েছে এস আলম গ্রুপের।  

এ প্রসঙ্গে এস আলম  গ্রুপের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে এসআইবিএল ব্যাংকের কর্তৃত্ব নিয়ে টানাহ্যাঁচড়া শুরু হয়। প্রথমে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী ইউনাইটেড গ্রুপ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংকটির প্রায় ৩১ শতাংশ শেয়ার কিনে নেয়। ইউনাইটেড গ্রুপের লক্ষ্য ছিল পরিচালনা পর্ষদে একাধিক সদস্য মনোনীত করে এসআইবিএল ব্যাংকের কর্তৃত্ব তাদের হাতে নেওয়া। কিন্তু নানা কারণে সেটি সম্ভব না হওয়ায় তারা পর্যায়ক্রমে হাতে থাকা শেয়ার ছেড়ে দেয়। ব্লক মার্কেট থেকে ওই শেয়ার কিনে নেয় এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট  প্রতিষ্ঠানগুলো।

এস আলম গ্রুপের যে প্রতিষ্ঠানগুলোর নামে শেয়ার কেনা হয়েছে সেগুলো হচ্ছে—গ্লোবাল ট্রেডিং করপোরেশন, লিয়ন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফোর্টম্যান সিমেন্ট, মডার্ন প্রোপারটিজ, প্রাসাদ প্যারাডাইস রিসোর্ট, ইউনিক ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ, হাসান আবাসন, প্লাটিনাম এনডোভার্স, ডায়নামিক ভেঞ্চার, রিলায়েবল এন্টারপ্রাইজ, প্যারাডাইস ইন্টারন্যাশনাল, লিডার বিজনেস এন্টারপ্রাইজ, পুষ্টি ভেজিটেবল ঘি, ইউনিটেক্স স্টিল মিলস ও ইউনিটেক্স সিমেন্ট লিমিটেড। এসব প্রতিষ্ঠানের ঢাকার ঠিকানা- আল আমিন সেন্টার (১২ তলা), ২৫/এ দিলকুশা সি/এ, ঢাকা। চট্টগ্রামে এস আলম  ভবনের ঠিকানা ব্যবহার করেছে প্রতিষ্ঠানগুলো।

জানা গেছে, এস আলম গ্রুপের প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন এসআইবিএল’র ১ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৭২৬টি শেয়ার কিনেছে, যা ব্যাংকটির মোট শেয়ারের ২ দশমিক শূন্য ৫ ভাগ। প্রতিষ্ঠানটির কনটাক্ট পারসন হিসেবে নাম রয়েছে মো. রাশেদুল আলমের। তিনি এস আলম গ্রুপের একজন পরিচালক। লায়ন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট এসআইবিএল’র শেয়ার কিনেছে ১ কোটি ৫২ লাখ ৮ হাজার ৯৬০টি, যা ব্যাংকের মোট শেয়ারের ২ দশমিক শূন্য ৬ ভাগ।

এছাড়া, ফোর্টম্যান সিমেন্ট এসআইবিএলের শেয়ার কিনেছে ১ কোটি ৫২ লাখ ১০ হাজারটি। যা ব্যাংকের মোট শেয়ারের ২ দশমিক শূন্য ৬ শতাংশ। এক্ষেত্রে কনটাক্ট পারসন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম নিজে।

মডার্ন প্রপার্টিজ লিমিটেড ব্যাংকটির ১ কোটি ৫২ লাখ ৯ হাজার শেয়ার (২ দশমিক শূন্য ৬ শতাংশ) কিনেছে। প্রসাদ প্যারাডাইজ রিসোর্ট লিমিটেড কিনেছে ১ কোটি ৫২ লাখ ১৫ হাজারট (২ দশমিক শূন্য ৬ শতাংশ)। কনটাক্ট পারসন হিসেবে নাম রয়েছে মো. শহিদুল আলমের । তিনি এস আলম গ্রুপের পরিচালক সাইফুল আলমের ভাই। ইউনিক ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লি. কিনেছে ১ কোটি ৫২ লাখ ১৩ হাজার (২ দশমিক শূন্য ৬ শতাংশ) শেয়ার। হাসান আবাসন (প্রা.) লি. কিনেছে ১ কোটি ৫২ লাখ ১৫ হাজার (২ দশমিক শূন্য ৬ শতাংশ)শেয়ার।

প্লাটিনাম এনডেভার্স লি. কিনেছে ১ কোটি ৫২ লাখ ১৫ হাজার (২ দশমিক শূন্য ৬ শতাংশ) শেয়ার। ডাইনামিক ভেনচারস লিমিটেড কিনেছে ১ কোটি ৫২ লাখ ১৪ হাজার শেয়ার (২ দশমিক শূন্য ৬ শতাংশ)।

রিলায়েবল এন্টারপ্রেনার্স লি. এসআইবিএল’র শেয়ার কিনেছে ১ কোটি ৫২ লাখ ৯ হাজার ২৮৪টি (২ দশমিক শূন্য ৬ শতাংশ)।প্যারাডাইজ ইন্টারন্যাশনাল লি. কিনেছে ১ কোটি ৫২ লাখ ১২ হাজার (২ দশমিক শূন্য ৬ শতাংশ) শেয়ার। লিডার বিজনেস এন্টারপ্রাইজ কিনেছে ১ কোটি ৫২ লাখ ১৫ হাজার (২ দশমিক শূন্য ৬ শতাংশ) শেয়ার।

আরও পড়ুন:  চার লাখ টন পেঁয়াজ গেলো কই?