অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান (ফাইল ছবি)জনগণের দেওয়া করের টাকার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বুধবার (১ নভেম্বর) সকালে দেশব্যাপী জাতীয় আয়কর মেলা উদ্বোধনের পর তিনি একথা বলেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, ‘জনগণ যে কর দেন, সেই টাকা যেন দেশের উন্নয়নে সুষ্ঠুভাবে ব্যবহার হয় সেদিকে গুরুত্ব দিতে হবে রাজস্ব কর্মকর্তাদের।’
এরপর মেলার স্টলগুলো ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম। সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।
এবারের মেলায় পাঁচ লাখ নতুন করদাতা সংগ্রহের লক্ষ্য রয়েছে এনবিআরের। তাদের আশা, এবারের আয়কর মেলা থেকে প্রায় ৩ হাজার কোটি টাকা আসতে পারে।
আয়কর দিতে মানুষের প্রস্তুতি (ছবি: গোলাম মওলা)বড় অংকের রাজস্ব আহরণের লক্ষ্যে গতবারের মতো এবারও মেলা থেকে অনলাইনে কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নেওয়া যাবে। এছাড়া করদাতারা তাদের আয়কর রিটার্ন জমা দেওয়াসহ প্রযোজ্য কর পরিশোধ করতে পারবেন ও কর সংক্রান্ত যে কোনও প্রশ্নের উত্তর ও তথ্য পাবেন। রিটার্ন দাখিলের জন্য থাকবে ই-পেমেন্টের আলাদা বুথ। থাকছে কর তথ্য ও সেবাকেন্দ্র, ব্যাংকিং সুবিধাও।
আয়কর দিতে মানুষের প্রস্তুতি (ছবি: গোলাম মওলা)ঢাকাসহ সব বিভাগীয় শহরে এক সপ্তাহ, জেলা শহরে চার দিন, ৩২টি উপজেলা শহরে দুই দিন ও ৭১টি উপজেলায় একদিন (ভ্রাম্যমাণ) অনুষ্ঠিত হবে এ মেলা।
23140279_1351783538264335_757254021_nএবারের আয়কর মেলায় প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামের করদাতাদের ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ ও ‘করদাতা স্টিকার’ দেওয়া হবে। প্রায় ১ লাখের বেশি করদাতাকে এই কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের মতো এই ইনকাম ট্যাক্স আইডি কার্ডধারীরা সবক্ষেত্রে সম্মান পাবেন। আর করদাতা স্টিকার লাগানো যাবে গাড়িতেও। কার্ডধারী ব্যক্তি ও স্টিকার লাগানো গাড়ি পাবে বিশেষ সুবিধা।
আয়কর দিতে মানুষের প্রস্তুতি (ছবি: গোলাম মওলা)এছাড়া প্রথমবারের মতো আয়কর মেলায় দেওয়া হবে ‘কর বাহাদুর’ সম্মাননা। আগামী ৮ নভেম্বর ঢাকায় কর বাহাদুর পরিবার ও করদাতারা ট্যাক্স কার্ড পাবেন। এছাড়া ৩৭০ সর্বোচ্চ আয়করদাতা ও ১৪৭ দীর্ঘমেয়াদি আয়করদাতাসহ মোট ৫১৭ জনকে সম্মাননা দেওয়ার কথা রয়েছে।
আয়কর দিতে মানুষের প্রস্তুতি (ছবি: গোলাম মওলা)দেশে প্রথম আয়কর মেলা শুরু হয় ২০১০ সালে। সবশেষ গত বছর আয়কর মেলায় সেবা নিয়েছেন ৯ লাখ ২৯ হাজার ব্যক্তি। ওই মেলায় রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২ হাজার ১২৯ কোটি ৬৭ লাখ টাকারও বেশি। ২০১৫ সালের মেলায় এসেছিল ২ হাজার ৩৫ কোটি ৩২ লাখ টাকা। ২০১৪ সালের আয়কর মেলায় রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১ হাজার ৬৭৫ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৪৫১ টাকা।