হরাসিস এশিয়া সম্মেলনে যোগ দিতে কলকাতায় বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদ (ফাইল ছবি)হরাসিস এশিয়া মিটিংয়ে যোগ দিতে কলকাতা গেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার রাতে কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

আজ  রবিবার (২৬ নভেম্বর) ও আগামীকাল সোমবার এ সম্মেলন হবে। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী। ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের মহাপরিচালক ড. রাজিব সিংয়ের আমন্ত্রণে তিনি এ সম্মেলনে যোগ দিচ্ছেন।

হরাসিস এশিয়া মিটিং এশিয়ার বাণিজ্য-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি বড় সম্মেলন। এতে বিশ্বের ৬৫টি দেশের অন্তত ৪০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পবিষয়ক কেবিনেট মিনিস্টার, আসামের চিফ স্টাফ কেবিনেট মিনিস্টার এবং ইন্ডাস্ট্রি মিনিস্টার সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া, বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ব্যবসায়ী ও উদ্যোক্তারা এতে যোগ দেবেন।

আঞ্চলিক বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ এবং টেকসই প্রবৃদ্ধির বিষয়ে সম্মেলনে আলোচনা হবে। এতে বাণিজ্যমন্ত্রীর যোগদান এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বিষয়ে আঞ্চলিক এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মেলনের সময় বাণিজ্যমন্ত্রী ভারতসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন।