‘আর্থিক খাতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে’

অধ্যাপক আবুল বারকাতনৈতিকতার বিষয়টি অর্থশাস্ত্র ও প্রায়োগিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আবুল বারকাত। তিনি বলেন, ‘দেশের অর্থ ব্যবস্থাপনা যেভাবে চলছে, তাতে আর্থিকখাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে। এ জন্য অর্থ ব্যবস্থাপনায় সংস্কারের বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার।’ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অর্থনীতি সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আবুল বারকাত বলেন, ‘‘এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ‘অর্থশাস্ত্র ও নৈতিকতা’। সম্মেলনের মাধ্যমে বাজার ও অর্থসংক্রান্ত প্রক্রিয়া এবং ব্যবস্থাপনায় নৈতিকতার গুরুত্ব, এর বাস্তব প্রয়োগ, সমস্যা ও সম্ভাব্য সমাধান সম্পর্কে  প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে।’ 

‘অর্থশাস্ত্র ও নৈতিকতা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২০তম দ্বিবার্ষিক সম্মেলন আগামী বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) শুরু হবে। তিন দিনব্যাপী এই সম্মেলনে চারটি প্ল্যানারি সেশনে পাঁচটি প্রবন্ধ ও বারোটি কর্ম-অধিবেশনে ১১৫টি প্রবন্ধ উপস্থাপিত হবে।

 রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী । স্বাগত বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ।

প্লেনারি সেশন বা কর্ম-অধিবেশনগুলোয় দেশের প্রাজ্ঞ অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ড. কাজী খলীকুজ্জমান আহমদ, ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আতিউর রহমান, অধ্যাপক ড. শামসুল আলম, ড. মোস্তাফিজুর রহমান, ড. মোস্তফা কামাল মুজেরী, অধ্যাপক ড. তৌফিক আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত থাকবেন।

সম্মেলনের তৃতীয় দিন শনিবার সকালে সমাপনী অনুষ্ঠানের পর সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া উপস্থিত থাকবেন।