অবশেষে ১২০ শ্রমিকের মৃত্যু দাবির টাকা দিলো পদ্মা লাইফ

বীমা দাবির চেক হস্তান্তর করছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষঅবশেষে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর মৃত ১২০ শ্রমিকের বীমা দাবির টাকা পরিশোধ করেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পদ্মা লাইফ টাওয়ারে অনুষ্ঠিত দু’পক্ষের বৈঠকে বীমা দাবি বাবদ দুই কোটি ৪০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

এর আগে গত তিন বছরেরও বেশি সময় ধরে শ্রমিকদের বীমা দাবির টাকা না দিতে টালবাহানা করে বীমা কোম্পানিটি। বাংলা ট্রিবিউনসহ কয়েকটি গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়।

মৃত্যু দাবির টাকার জন্য ১২০ শ্রমিকের পরিবার গত তিন বছর ধরে সরকারের বিভিন্ন সংস্থার কাছে আবেদন জানিয়েছে। বীমা দাবির টাকা আদায়ে শ্রম মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করা হয়। তাতে কোনও ফল না পেয়ে শ্রম আদালতেও মামলা করা হয়।

দু’পক্ষের সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন- পদ্মা ইসলামী লাইফের চেয়ারম্যান ওবায়দুর রহমান, সাবেক চেয়ারম্যান ডা. জাফর উল্লাহ, মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দীন, বিকেএমইএ-এর দ্বিতীয় সহ-সভাপতি ফজলে শামীম, সহ-সভাপতি হুমায়ুন কবির শিল্পী, জিএম ফারুক, ইন্স্যুরেন্স কনসালটেন্ট বিডি'র সিইও মোস্তাফিজুর রহমান টুংকু প্রমুখ।