‘উন্নয়নশীল দেশ হওয়ার তিন শর্ত পূরণ করেছে বাংলাদেশ’

চলতি ২০১৮ সালের মার্চ মাসে নিম্নমধ্য আয়ের দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল (ডেভলপিং) দেশে পরিণত হবে বাংলাদেশ। ‘ডেভলপিং কান্ট্রি’ হতে যে তিনটি শর্ত পূরণ করতে হয় তা বাংলাদেশ অর্জন করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার (৭ জানুয়ারি) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে সফররত ডব্লিউটিও-এর সাবেক মহাপরিচালক প্যাসকেল ল্যামির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন মন্ত্রী।

তোফায়েল আহমেদমন্ত্রী জানান, শর্ত অনুযায়ী একটি দেশকে উন্নয়নশীল হতে হলে সেই দেশকে প্রথমত, মাথাপিছু আয় ১ হাজার ২৪২ মার্কিন ডলার হতে হয়, বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১ হাজার ৬১০ মার্কিন ডলার। দ্বিতীয়ত, মানব সম্পদের উন্নয়ন অর্থাৎ দেশের ৬৬ ভাগ মানুষের জীবনযাত্রার মান উন্নত হতে হয়, বর্তমানে বাংলাদেশের ৭০ ভাগ মানুষের জীবনযাত্রার মানের উন্নতি হয়েছে। আর তৃতীয়ত, অর্থনৈতিকভাবে ভঙ্গুর না হওয়ার মাত্রা ৩০ ভাগ হতে হবে, বাংলাদেশে এ মুহূর্তে তা ২৬ ভাগ অর্জন করেছে। বিশ্বের ইকোনমিক ও সোস্যাল কাউন্সিল উল্লিখিত তিনটি বিষয় বিবেচনা করে কোনও দেশকে নিম্নমধ্য আয়ের দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল (ডেভলপিং) দেশে পরিণত হওয়ার ঘোষণা দেয়।

আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘আগামী মার্চ মাসে এ কাউন্সিলের মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশকে উন্নয়নশীল (ডেভলপিং) দেশ হিসেবে ঘোষণার বিষয়টি আলোচিত হবে। আশা করা যায় ওই সময়ের মধ্যে বাংলাদেশ তৃতীয় বিবেচ্য বিষয়টি সফল ভাবে অর্জন করবে এবং কাউন্সিল বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করবে।’

তোফায়েল আহমেদ বলেন, ‘এ ঘোষণা কার্যকর হতে প্রস্তুতির সময় থাকবে। আশা করা যায়, বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে বিশ্বে উন্নয়নশীল দেশে পরিণত হবে।’

এসময় বাণিজ্য সচিব শুভাশীষ বসু, ডব্লিউটিও সেলের ডিজি মুনীর চৌধুরী এবং অতিরিক্ত সচিব (রফতানি-২) তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।