বিএসসি’তে যুক্ত হচ্ছে আরও পাঁচটি জাহাজ

বাংলাদেশ শিপিং করপোরেশনচলতি ২০১৮ সালে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে পাঁচটি বড় আকারের নতুন জাহাজ যুক্ত হচ্ছে। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে আরও একটি নতুন জাহাজ বহরে যুক্ত হবে। এগুলোর মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার। প্রতিটি জাহাজের ধারণ ক্ষমতা হবে ৩৯ হাজার ডেড ওয়েট টন (ডিডব্লিউটি)।
বৃহস্পতিবার (১ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিএসসি’র উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বিষয়ক সভায় এসব তথ্য জানানো হয়। মন্ত্রী শাজাহান খান এ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে জানানো হয়, এ বছরের জুলাই ও আগস্টে দু’টি বাল্ক ক্যারিয়ার, নভেম্বর ও ডিসেম্বরে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং ২০১৯ সালের ফেব্রুয়ারিতে একটি বাল্ক ক্যারিয়ার চীন থেকে বাংলাদেশে এসে পৌঁছাবে। চীন সরকারের অর্থায়নে সে দেশে জাহাজগুলোর নির্মাণ কাজ চলছে। গত বছরের অক্টোবরে জাহাজের ম্যাসিভ ফেব্রিকেশন অনুষ্ঠান চীনের শিপইয়ার্ডে সম্পন্ন হয়েছে। জাহাজগুলোর মোট মূল্য হবে ১ হাজার ৪৪৮ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা।

বৈঠকে অন্যদের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদ এবং বিএসসি’র নির্বাহী পরিচালক ইয়াসমিন আফসানা উপস্থিত ছিলেন।