সৌর বিদ্যুতের জন্য আগামী ১০ বছরে ৩০ থেকে ৫০ বিলিয়ন ডলার প্রয়োজন

সচিবালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও আইএফসি’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট

সৌরবিদ্যুৎ দিয়ে বিদ্যুতায়নের জন্য সার্বিক ব্যবস্থাপনায় আগামী ১০ বছরে ৩০ থেকে ৫০ বিলিয়ন ডলার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ‘সোলার চার্জিং স্টেশন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, মিনি গ্রিড, প্রি-পেইড মিটার স্থাপন, সোলার রুফটপ, দ্বীপাঞ্চল ও পাহাড়ি এলাকায় সোলার বা সৌর বিদ্যুতায়নের জন্য আগামী ১০ বছরে ৩০ থেকে ৫০ বিলিয়ন ডলার প্রয়োজন। এজন্য সরকারি বা বেসরকারি কোম্পানিগুলোতে আইএফসি বা অন্য অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলোর দ্রুততার সঙ্গে বিনিয়োগকে আমরা উৎসাহিত করছি।’  

বৃহস্পতিবার (১ মার্চ) আইএফসি’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট স্নেজানা স্টুইলজকভিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আইএফসি’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট স্নেজানা স্টুইলজকভিক। এ সময় অন্যদের মধ্যে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন ও আইএফসির কান্টি ডিরেক্টর উইন্ডি ওয়ার্নার উপস্থিত ছিলেন।

নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলো দ্রুততার সঙ্গে বিনিয়োগ করলে অগ্রাধিকার দেওয়া হবে। দেশের অর্থনীতির আকার বড় থেকে আরও বড় হচ্ছে। সরকারি বা বেসরকারি খাতে বিনিয়োগ দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। অযথা সময় নষ্ট করার সুযোগ নেই।’

এ সময় বাংলাদেশে আরও বড় আকারে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে আইএফসি’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘বাংলাদেশে আইএফসির সম্পৃক্ততা আরও বাড়াতে চাই। সোলার, এলএনজি, ট্রান্সমিশন ইত্যাদি খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে।’