মৎস্য ও পোষাপ্রাণী মেলা শুরু বৃহস্পতিবার

আহকাবঅ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আহকাব) আয়োজনে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণী মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার (৮ মার্চ)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সংগঠনের মহাসচিব ডা. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৬ মার্চ) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মেলা উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মেলায় পশুস্বাস্থ্য ও পশুখাদ্য খাতের বিভিন্ন পণ্য ও উপকরণ প্রদর্শিত হবে। এ বিষয়ে কোম্পানিগুলোর পক্ষ থেকে খামার উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের অবহিত করা হবে। মেলা উপলক্ষে আয়োজিত সেমিনারে ৬১টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি কোম্পানির প্রায় ৩০০টি স্টল থাকবে এ মেলায়। ভিয়েতনাম, কোরিয়া, ভারত ও থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, জাপান, চীন, স্পেন, তুরস্ক, রোমানিয়ার ব্যবসায়ীরা এ মেলায় অংশ নেবেন।