বৈঠকে জাকির হোসেন বলেন, ‘আমরা প্রতিবছরই প্রস্তাব দেই, কিন্তু এর প্রতিফলন দেখি না।’ প্রাক-বাজেট আলোচনা এক ধরনের আইওয়াশ কিনা, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আলোচনায় কতটুকু উপকার হয় তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, দীর্ঘদিন ধরে আমরা ৪ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দিয়ে আসছি।’
জাকির হোসেন বলেন, ‘একটা পণ্য সুপার মার্কেট থেকে কিনলেই ক্রেতাকে ৪ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। এই ভ্যাটকে কেন্দ্র করে ক্রেতাদের কাছে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়।’ তিনি বলেন, ‘যে দামে সাধারণ দোকান থেকে কোনও পণ্য পাওয়া যাবে, ওই পণ্য একই দামে সুপার মার্কেট থেকেও যেন ক্রেতারা কিনতে পারেন।’ অসম ভ্যাট দূর করতে তিনি সুপার মার্কেটগুলোকে প্যাকেজ ভ্যাটের আওতায় আনারও প্রস্তাব করেন।
উল্লেখ্য, ২০১০-১১ অর্থবছরে এ শিল্পের ওপর মাত্র ১ দশমিক ৫ শতাংশ, ২০১১-১২ অর্থবছরে ২ শতাংশ হারে ভ্যাট আদায় করা হতো। তবে ২০১২-১৩ অর্থবছরে এই হার ৪ শতাংশে উন্নীত করা হয়, যা এ শিল্প প্রসারে প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিয়েছে।
প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, ‘অসম ভ্যাট হার আমরা দূর করবো। ভ্যাটের জটিলতা ও গুরুত্বপূর্ণ বিযয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। তবে আপনাদের বলছি, আপনারা জনগণের দেওয়া ভ্যাট ফাঁকি না দিয়ে এনবিআরে পৌঁছে দেবেন। মনে রাখতে হবে, রাজস্ব দিয়ে দেশের উন্নয়ন হয়।’