বিশ্বব্যাংকের সুপারিশের বেশিরভাগেরই সঙ্গে আমি একমত: পরিকল্পনামন্ত্রী

 

মিট দ্য প্রেসে কথা বলছেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তাফা কামাল২০১৭-১৮ অর্থবছরের ৯ মাসের হিসাবে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৫ শতাংশ হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তিনি বলেন,  ‘অর্থবছর শেষে ১২ মাসের হিসাবে চূড়ান্ত প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৫ শতাংশ ছাড়িয়ে যাবে। কারণ সামষ্টিক অর্থনীতির গতিধারা ঊর্ধ্বমুখী প্রবণতায় আছে। বিশ্বব্যাংক আমাদের প্রবৃদ্ধির হিসাব প্রত্যাখ্যান করেনি, কিছু প্রশ্ন তুলেছে। এসব সব প্রশ্নকে স্বাগত জানাই। অর্থনীতির উন্নতির জন্য বিশ্বব্যাংক কিছু সুপারিশও করেছে, যেগুলোর বেশিরভাগের সঙ্গে আমিও একমত।’ বুধবার (১১ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক বলেছে, অনুন্নয়ন প্রকল্প বাদ দিতে হবে। তাদের এ পরামর্শের সঙ্গে আমি একমত নই। কেননা আমাদের সব প্রকল্পই বিনিয়োগ প্রকল্প। এগুলো নেওয়ার সময় নানা পরীক্ষা-নিরীক্ষা করেই হাতে নেওয়া হয়। যেসব প্রকল্প বিশ্বব্যাংকের কাছে অনুন্নয়ন মনে হয়েছে, সেগুলো আমাদের দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রকল্প।’ তিনি বলেন, ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কাছে এই অর্থবছরের ৯ মাসের হিসাব আছে। আমি বিশ্বব্যাংককে মে মাস পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে যে সব তথ্য-উপাত্ত নিয়ে তাদের সংশয় সন্দেহ আছে, সেগুলো বিবিএসের মাধ্যমে তারা যাচাই করে নিতে পারবে। আমাদের মধ্যে কোনও লুকোচাপা নেই।’

বিশ্বব্যাংক বর্তমানে বিবিএসের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘খুব সহজেই তারা তথ্য যাচাই করতে পারবে। আশা করি, তথ্য যাচাইয়ের পর প্রবৃদ্ধি বিষয়ে তাদের যে সংশয় তা দূর হবে এবং তারা তাদের প্রতিবেদনেও তা উল্লেখ করবে।’  

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব মো. জিয়াউল ইসলাম, আইএমইডি সচিব মো. মফিজুল ইসলাম, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য জুয়েনা আজিজ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ।