নতুন নিলাম কেন্দ্র চা উৎপাদনে ব্যয় কমাবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ফাইল ছবি: সংগৃহীত)চা উৎপাদনকারীদের দাবিতে বাণিজ্য মন্ত্রণালয় শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘নতুন এই নিলাম কেন্দ্র চা উৎপাদনকারীদের ব্যয় কমাবে।’ সোমবার (১৪ মে) বাংলাদেশ চা বোর্ড-এর উদ্যোগে বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফান্সের মাধ্যমে চা নিলাম কেন্দ্রের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের স্বাধীনতার পর অন্যতম রফতানি পণ্য ছিল চা। তখন দেশে ১০ মিলিয়ন কেজি চা উৎপাদিত হতো। এর মধ্যে ৭ মিলিয়ন কেজি চা রফতানি হতো। আজ দেশে ৮৫ মিলিয়ন কেজি চা উৎপাদিত হচ্ছে কিন্তু তেমন রফতানি করার সুযোগ হচ্ছে না। দেশের ১৬ কোটি মানুষের চায়ের চাহিদা পূরণ করতে অনেক সময় চা আমদানি করতে হয়। এর মাঝেও বাংলাদেশ ভালো মানে চায়ের চাহিদার পরিপ্রেক্ষিতে কিছু চা রফতানি করে থাকে।’

এই সময় শ্রীমঙ্গলে নিমাল কেন্দ্রে বাংলাদেশের চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, চা উৎপাদন ও ব্যবসায়ী সমিতির আহবায়ক ও জাতিসংঘের সাবেক  স্থায়ী প্রতিনিধি ড. এ মোমেন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।