বাংলাদেশ ব্যাংকের সোনার হেরফের হলো কিনা তা সরকারকেই প্রমাণ করতে হবে বলে মন্তব্য করেছেন লেখক ও কলামিস্ট আহসান কবির।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘বাংলাদেশ ব্যাংকের সোনা বিতর্ক’ শীর্ষক বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক আয়োজন— বাংলা ট্রিবিউন বৈঠকি।
আহসান কবির বলেন, ‘আমি যদি মুসলিম সেন্টিমেন্ট ধরি তাহলে সেখানে সোনা দিয়ে মোড়া, সোনার বাংলাদেশ, সোনা দিয়ে জাতীয় সংগীত সবকিছুই সোনা। গ্রীক পুরানেও সোনা নিয়ে নানা গল্প আছে। সুতরাং এখন সমালোচনাও হচ্ছে সোনা।’
তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের সোনার হেরফের হলো কিনা তা সরকারকেই প্রমাণ করতে হবে, জনগণকে বোঝাতে হবে সোনা ঠিক আছে।’
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বাংলা ট্রিবিউন বৈঠকি সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এ আয়োজন।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নেন অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, অগ্রণী ব্যাংকের পরিচালক কাশেম হুমায়ুন ও বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার গোলাম মওলা।