এডিবি'র পূর্বাভাস, এ বছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৫ শতাংশ

জিডিপি২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ৫ শতাংশ। এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার (২৬ সেপ্টেম্বর) এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি’র ঢাকা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করেন সংস্থাটির সিনিয়র ইকোনমিস্ট সন চ্যাং হং। এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশে ৭ দশমিক ৮৬ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এডিবি মনে করে, বিনিয়োগ বৃদ্ধি, রফতানি আয় ও রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় এই অর্থবছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ হতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশের অর্থনীতির হাল হকিকত নিয়ে প্রকাশিত এডিবির বার্ষিক প্রতিবেদন ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৮’তে এই প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

গত অর্থবছরের চূড়ান্ত হিসাবে বাংলাদেশে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৭৫১ ডলারে। আর বাংলাদেশের জিডিপির আকার ২৭৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।