চুক্তি মোতাবেক আগামী দুই বছরের মধ্যে টার্ন-কি পদ্ধতিতে আমিনবাজারে বিদ্যমান ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনটিকে ৪০০/২৩০ কেভিতে উন্নীত করে পিজিসিবির কাছে হস্তান্তর করবে হিয়োসাং।এ কাজে ব্যয় হবে প্রায় ১৬৪ কোটি টাকা।উন্নয়ন সহযোগি এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি), বাংলাদেশ সরকার এবং পিজিসিবি যৌথভাবে এ কাজে অর্থায়ন করছে।অনুষ্ঠানে পিজিসিবির পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং হিয়োসাং করপোরেশনের পক্ষে টিম ম্যানেজার ইওন সুং লি চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
গ্রিড সাবস্টেশনটির নির্মাণের আওতাভুক্ত কাজের মধ্যে তিনটি ৫২০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার, চারটি ৪০০ কেভি বে, দুইটি ২৩০ কেভি বে এবং তিনটি ট্রান্সফরমার বে নির্মাণ করা হবে। সাবস্টেশনটি চালু হলে রামপাল ও পায়রা হতে বিদ্যুৎ উচ্চ ভোল্টেজে আমিনবাজার এনে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো সহজ হবে।এতে বিদ্যুতের জাতীয় গ্রিডের সক্ষমতাও অনেকাংশে বাড়বে। পিজিসিবির নেওয়া আমিনবাজার-মাওয়া-মংলা ৪০০ কেভি সঞ্চালন লাইন প্রকল্পের আওতায় এই সাবস্টেশনের সক্ষমতা বৃদ্ধি ও সম্প্রসারণ করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিজিসিবির নির্বাহী পরিচালক (ওএ-এম) মো. এমদাদুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পিএ-ডি) প্রণব কুমার রায়, প্রধান প্রকৌশলী (প্রকল্প মনিটরিং) অরুণ কুমার সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (কন্ট্রাক্ট) আবদুর রশিদ খান, মহাব্যবস্থাপক (পিএ-এ) আবুল খায়ের চৌধুরী প্রমুখ।