স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন





photo-1537244332দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব জমিতে প্রধান কার্যালয় ভবন স্থাপন করতে যাচ্ছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে প্রশাসনিক প্লট নম্বর ১৯ এফএ-তে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম এবং স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (উন্নয়ন) মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
জানা গেছে, শূন্য দশমিক ২৮ একর জমির ওপর ১৪ তলা ভবনটি নির্মিত হবে। প্রথম পর্যায়ে দুটি বেজমেন্টসহ ৬ তলা ভবন নির্মাণে লাগবে ১৫ মাস। ভবনটির প্রতি তলার আয়তন ৬ হাজার ২৪০ বর্গফুট। স্থাপত্য অধিদফতরের নকশা অনুযায়ী গণপূর্ত অধিদফতর নির্মাণ কাজ শেষ করবে। ব্যয় হবে ৩৪ কোটি ৫০ লাখ টাকা।
সচিব বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে স্থলবন্দরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তিনি গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে ভবনটির নির্মাণ কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালে ১২টি স্থলবন্দরের গেজেট করেন। ২০০১ সালে স্থলবন্দর প্রতিষ্ঠিত হলেও ঢাকায় তাদের প্রধান কার্যালয়ের নিজস্ব ভবন নেই। ঢাকায় কারওয়ান বাজারে টিসিবি ভবনে ভাড়ায় চলছে প্রধান কার্যালয়ের কাজ।