মীনা বাজারে পাওয়া যাবে হালদা ভ্যালির বিভিন্ন চা পাতা

জেমকন ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টস ও হালদা ভ্যালি ফুড অ্যান্ড বেভারেজের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্টরাদেশের জনপ্রিয় চেইন শপ মীনা বাজারের সব আউটলেটে হালদা ভ্যালি তাদের পণ্য বাজারজাত করবে। মীনা বাজারে এখন থেকে অন্যান্য পণ্যের পাশাপাশি হালদা ভ্যালির বিভিন্ন জনপ্রিয় চা পাতা পাওয়া যাবে। এর মধ্যে থাকছে ড্রাগন ওয়েল গ্রিন টি, সিলভার নিডেল হোয়াইট টি। শিগগিরই আসবে গোল্ডেন আইব্রো ব্ল্যাক টি।

এ বিষয়ে উভয়ের মধ্যে চুক্তিস্বাক্ষর হয়েছে। গত ৫ মার্চ রাজধানীর ধানমন্ডিতে মীনা বাজারের করপোরেট অফিসে এর আয়োজন করা হয়। চুক্তিতে স্বাক্ষর করেন হালদা ভ্যালি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম খান ও জেমকন ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহিন খান।

অনুষ্ঠানে আরও ছিলেন হালদা ভ্যালি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আশিক পাশা, ব্র্যান্ড ম্যানেজার আজমাঈন রহমান, জেমকন ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টস লিমিটেডের জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) আহমেদ সোয়েব ইকবাল, জেনারেল ম্যানেজার (সাপ্লাই চেইন) আবু রায়হান ভূঁইয়া।

২০১৬ সাল থেকে হালদা ভ্যালি সাফল্যের সঙ্গে চীনে চা পাতা রফতানি করছে। চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত পিএনএল হোল্ডিংস লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান হালদা ভ্যালি চা বাগানে বাংলাদেশে সর্বপ্রথম উন্নতমানের ড্রাগনওয়েল গ্রিন টি উৎপাদন শুরু করে। এটাই বিশ্বের সর্বাধিক জনপ্রিয় গ্রিন টি।

ড্রাগনওয়েল গ্রিন টি চীনে আভিজাত্যের প্রতীক। এর চাইনিজ নাম লংজিং টি। এই চা ব্যয়বহুল ও সর্বোৎকৃষ্ট মানের গ্রিন টি হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। এর কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য ও আকৃতি রয়েছে। এটি মসৃণ ও চকচকে। গরম জলে এই চা পাতা থেকে মনমাতানো সৌরভ ছড়ায়। ড্রাগন ওয়েল গ্রিন টি’র অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একাধিকবার ব্যবহার করা যায়।