ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)-এর ২০১৯-২১ মেয়াদে সভাপতি হচ্ছেন শেখ ফজলে ফাহিম। এই পদে আর কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন তিনি।
এফবিসিসিআই নির্বাচনের তফসিল অনুযায়ী, সোমবার (২৫ মার্চ) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
এফবিসিসিআই সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল এই নির্বাচন হওয়ার কথা ছিল। তবে সভাপতি পদে শেখ ফজলে ফাহিমের বিপরীতে আর কেউ প্রার্থী হননি। আবার সংগঠনটির যে ৪২টি পরিচালক পদে ভোট হওয়ার কথা ছিল, সেখানেও মনোনয়নপত্র জমা পড়েছে মোট ৪২টিই। ফলে প্রথমবারের মতো এফবিসিসিআইয়ের নির্বাচনে ভোটারদের এবার ভোট দিতে হচ্ছে না। তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এর আগে ২০১৭ সালের নির্বাচনে মো. শফিউল ইসলাম মহিউদ্দিনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছিলেন।
নির্বাচনী বোর্ডের সদস্য কে এম এন মঞ্জুরুল হক বলেন, ‘যাচাই-বাছাই শেষে আগামী ৪ এপ্রিল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।’
জানা যায়, এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদে মোট পরিচালক পদ ৭২টি। এসব পদের মধ্যে ৪২টিতে ভোট দিয়ে নেতা নির্বাচিত করেন সাধারণ সদস্যরা। বাকি ৩০টি পদের দায়িত্ব পান দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য সংগঠন থেকে মনোনীতরা। এরপর নির্বাচিত ও মনোনীত পরিচালকরা ভোট দিয়ে পরবর্তী সময়ে সভাপতি ও সহসভাপতি নির্বাচন করেন।
উল্লেখ্য, এবার সম্মিলিত ব্যবসায়ী পরিষদের যে প্যানেল ঘোষণা করা হয়েছে তাতে চেম্বার অংশের প্রার্থীরা হলেন শেখ ফজলে ফাহিম, হাসিনা নেওয়াজ, মাসুদুর রহমান মিলন, আজিজুল হক, দিলিপ কুমার আগারওয়ালা, মাসুদ পারভেজ খান ইমরান, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, মো. রেজাউল করিম রেজনু, গাজী গোলাম আশরিয়া, তাবারাকুল তোসাদ্দেক হোসাইন খান, মো. কহিনুর ইসলাম, প্রবীর কুমার সাহা, মো. আতাউর রহমান ভূঁইয়া, মোহাম্মদ বজলুর রহমান, মোহাম্মদ রিয়াদ আলী, মো. হাসানুজ্জামান, হুমায়ুন রশিদ খান পাঠান, এ এইচ আহমেদ জামাল, শারিতা মিল্লাত ও সুজীব রঞ্জন দাস। পরে যোগ হয় এ কে এম শাহেদ রেজার নাম।
অ্যাসোসিয়েশন অংশের জন্য সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীরা হলেন- মুনতাকিম আশরাফ, খন্দকার রুহুল আমিন, আবু মোতালেব, মীর নিজাম উদ্দিন আহমেদ, মো. শফিকুল ইসলাম ভরসা, শমী কায়সার, রাশেদুল হোসাইন চৌধুরী রনি, মো. হাবিব উল্লাহ ডন, শাফকাত হায়দার, হেলেনা জাহাঙ্গীর, আমজাদ হুসাইন, নিজাম উদ্দিন রাজেশ, এস এম জাহাঙ্গীর হোসাইন, মো. আবুল আয়েস খান, আবু নাসের, খন্দকার মইনুর রহমান, হাফেজ হারুন অর রশিদ, আবদুল হক, মেহেদী আলী, মো. মুনির হোসাইন ও কাজী শোয়েব রশিদ।