অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুজিবুল হক। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব উম্মুল হাছনা, শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান, বিজিএমইএ’র সভাপতি রুবানা হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, আইএলও কান্ট্রি ডিরেক্টর তুমো পুতিয়াইনেন প্রমুখ।
‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভার সভাপতির বক্তব্যে মন্নুজান সুফিয়ান বলেন, ‘আমাদের দেশটা ক্ষতিগ্রস্ত হলে আমরাই ক্ষতির মুখে পড়বো। আমরা কর্মজীবী। মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিই নিজের দেশকে এগিয়ে নেওয়ার জন্য। আসুন, আমরা আমাদের দেশকে ভালোবাসি।’
তিনি বলেন, ‘দেশের শিল্পের উন্নয়নে জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।’ মাদক ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘শোষিত বঞ্চিত মানুষের পাশে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি শোষণ বঞ্চনাহীন একটি স্বাধীন দেশ চেয়েছিলেন। আজ শেখ হাসিনাও সেটিই চান। সেই পথে অনেক দূর এগিয়েছেন।’