রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময় অনুযায়ী, রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত। তবে অফিস চলবে বিকেল ৪টা পর্যন্ত।
রবিবার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ সময়সূচির কথা জানানো হয়।
জানানো হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এই বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।
সাধারণত, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকের লেনদেন হয়। অফিস সময় থাকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে প্রতিবছরে রমজানে অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন করা হয়।
তফসিলি ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকেও অফিস সময় হবে বিকেল ৪টা পর্যন্ত। এই সময়ের মধ্যে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দাফতরিক কাজ সম্পন্ন করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রমজান অতিবাহিত হওয়ার পরে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে।