বাজার পর্যবেক্ষণে সেল খুলেছে বাণিজ্য মন্ত্রণালয়

বাণিজ্য মন্ত্রণালয়মঙ্গলবার (৬ মে) থেকে শুরু হচ্ছে রমজান। এই রমজান উপলক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য পর্যবেক্ষণের জন্য মনিটরিং সেল খুলেছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে এই সেলের কার্যক্রম শুরু হয়েছে। বাজারে যেকোনও পণ্যের মূল্যবৃদ্ধি সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য এই সেলে যোগাযোগ করতে বলা হয়েছে। সেলের ফোন নম্বরগুলো হচ্ছে- ৯৫৪৯১৩৩, ০১৭১২১৬৮৯১৭, ৯৫১৫৩৪৪ ও ০১৯৮৭৭৮৭২০৯। সোমবার (৬ মে) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

চালের দাম কমায় কৃষকদের কাছ থেকে চাপ আসছে
এদিকে সোমবার (৬ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘চালের দাম কমেছে, তাই কৃষকদের কাছ থেকে চাপ আসছে। রোজা সামনে রেখে আমাদের বাজার মনিটরিং টিম যথেষ্ট সচেতন আছে।’ একইসঙ্গে ব্যবসায়ীদের রমজানে কোনও সুযোগ না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, রমজান মাস সংযমের মাস। এ মাসে ব্যবসায়ীদের সততার সঙ্গে ব্যবসা করতে হবে। এবার রমজানে মানুষের ওপর চাপ পড়বে না। আমাদের প্রয়োজনীয় পণ্যের মজুত ভালো রয়েছে। দ্রব্যমূল্য নিয়ে আমরা সার্বিকভাবে সন্তুষ্ট।