মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় সর্বোচ্চ আদালতে বহাল থাকার পর যেকোনও ধরনের নাশকতা এড়াতে এ বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা গেছে, ব্যাংকগুলোর প্রধান ফটকে বসানো হয়েছে বাড়তি তল্লাশি চৌকি। প্রবেশপথ অপেক্ষাকৃত সরু করে শেকল দিয়ে আটকে দেওয়া হয়েছে প্রধান ফটক। অনেক ব্যাংকের পেছনের একাধিক গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাংকের প্রধান গেটে আগে থেকে বসানো আর্চওয়েগুলো অধিকতর সচল করা হয়েছে। ব্যাংকে আগতদের প্রতি নজরদারিও বাড়ানো হয়েছে। আগতদের আসার কারণ ও কার কাছে এসেছেন, তা খাতায় লিপিবদ্ধ করতে দেখা গেছে কোনও-কোনও ব্যাংকে। আগামী কয়েকদিন এ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে বলে জানা গেছে।
জানা গেছে, শুধু মতিঝিল বা দিলকুশাই নয়, দেশের সর্বত্রই ব্যাংকগুলোর প্রতিটি শাখার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্ব-স্ব ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকেও ব্যাংকগুলোকে অধিকতর সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বলে জানা গেছে।
বাড়তি নিরাপত্তার কারন সম্পর্কে জানতে চাইলে মেঘনা ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা এস এম শাকিল আহমেদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, যেকোনও ধরনের নাশকতা এড়াতে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইসলামী ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, সম্প্রতি কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে নাশকতার আশঙ্কা করা হচ্ছে। তাই সরকারের নির্দেশে এ বাড়তি ব্যাবস্থা নেওয়া হয়েছে।
ডাচ-বাংলা ব্যাংকের বনানী শাখার কর্মকর্তা রাশেদুল হক বাংলা ট্রিবিউনকে নিয়েছেন, দুর্বৃত্তদের নজর থাকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি। তাই, আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ ছাড়া, এখানে মানুষের আমানত জমা থাকে। তাই তাদের আমানত সুরক্ষা করতেই এই বাড়তি ব্যবস্থা।
/এসআই/এমএনএইচ/