বছর শেষে রেমিটেন্স আয় হতে পারে ১৫ বিলিয়ন ডলার

nonameচলতি ২০১৫ সালে প্রবাসীদের পাঠানো অর্থের (রেমিটেন্স) পরিমাণ ১৫ বিলিয়ন বা দেড় হাজার কোটি ডলার হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

আজ ১৮ ডিসেম্বর, শুক্রবার আন্তর্জাতিক অভিবাসন দিবসকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি ২০১৫ সালে এ পর্যন্ত ৫ লাখ ২৩ হাজার ৫৯৮ জন বাংলাদেশি শ্রমিকের বিদেশে কর্মসংস্থান হয়েছে। বছর শেষে এ সংখ্যা সাড়ে ৫ লাখে দাঁড়াতে পারে। বর্তমানে বিশ্বের ১৬০টি দেশে প্রায় ৯৬ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন।

তিনি আরও বলেন, কাউকে অবৈধভাবে বিদেশ যেতে দেওয়া হবে না। ইতিমধ্যে নৌকায় চড়ে বিদেশ পাড়ি দেওয়া বন্ধ করেছে সরকার।

জি-টু-জি (সরকারের সঙ্গে সরকার) ভিত্তিতে মালয়েশিয়ার শ্রমিক পাঠানোর বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান মন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হযরত আলী, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক বেগম শামসুন নাহার প্রমুখ। সূত্র: ইউএনবি।

/এফএইচ/