বিপিএলে অর্থপাচার তদন্তে কমিটি গঠন

সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দলগুলোতে অংশগ্রহণকারী বিদেশি খেলোয়াড়, শিল্পী ও কলাকুশলীদের সম্মানী দিয়েছে। কিন্তু এর বিপরীতে বকেয়া রয়ে গেছে সরকারের প্রাপ্য উৎসে কর। বিপুল অংকের এই বকেয়া উৎসে কর আদায়ে এবার কমিটি গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার গঠন করা ১৫ সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে কর অঞ্চল-৭-এর কমিশনার সঞ্জিত কুমার বিশ্বাসকে।

এই কমিটি বিপিএলে অংশ নেওয়া ছয়টি ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে বিসিবির চুক্তি, বিদেশি খেলোয়াড়দের সম্মানীর যাবতীয় তথ্য সংগ্রহ করবে। কমিটিকে আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

বিপিএল
তথ্যমতে, গত ২২ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোট ৬৫ জন বিদেশি ক্রিকেটার খেলেছেন। ছয় ফ্র্যাঞ্চাইজিতে খেলতে আসা ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, সুনীল নারাইনের মতো তারকারা ৩০ হাজার থেকে ৭০ হাজার ডলার ক্যাটাগরির বাইরে আরও বেশি টাকায় চুক্তিবদ্ধ ছিলেন। দেশের আয়কর আইনের ৫৬ ধারা অনুযায়ী, নন-রেসিডেন্স ট্যাক্স বা অনাবাসী কর হিসেবে মোট আয়ের ৩০ শতাংশ কর আদায়যোগ্য। এদিকে বিদেশি খেলোয়াড়দের অর্থ পরিশোধে বাংলাদেশ ব্যাংকের অনুমতির বাধ্যবাধকতা থাকলেও বরিশাল বুলসের নয়জন খেলোয়াড় ছাড়া অন্যরা কেউ নিজ দেশে অর্থ নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র নেননি।
এর আগে ২৯ ডিসেম্বর সর্বশেষ বিসিবিকে চিঠি দিয়েছে এনবিআর। এতে বলা হয়েছে, আগামী ১১ জানুয়ারির মধ্যে বিদেশি ক্রিকেটারদের পরিশোধ করা সব ধরনের পারিশ্রমিকের ওপর সরকারের প্রাপ্য কর দিতে হবে। এরও আগে ২২ নভেম্বর ও ৩  ডিসেম্বর আরও দুটি চিঠি পাঠায় এনবিআর।
বিপিএল তৃতীয় আসর থেকে এনবিআর ১৫ কোটি টাকা কর পাবে আশা করেছিল কিন্তু এখনও এক টাকাও পায়নি। কোনও ক্রিকেটারকে কত টাকা দেওয়া হয়েছিল সেই তথ্য চেয়ে চিঠি দেওয়া হলেও এনবিআরকে কোনও তথ্য দেয়নি বিসিবি। এ কারণে  সোমবার এ কমিটি গঠন করে এনবিআর।

নিয়ম অনুযায়ী, যে কোনও বিদেশি ব্যক্তিকে সম্মানী বাবদ টাকা দেওয়ার আগে প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৩০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখতে হয়। কিন্তু বিপিএলে অংশগ্রহণকারী বিদেশি খেলোয়াড়দের দেওয়া সম্মানীর বিপরীতে যে উৎসে কর আরোপ হয়েছে, তা জমা দেয়নি বিসিবি। তবে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া বিদেশি শিল্পীদের সম্মানী বাবদ দেওয়া অর্থের বিপরীতে ৪০ লাখ টাকা উৎসে কর দিয়েছে বিসিবি।

 

/জিএম/টিএন/