মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রজ্ঞাপন আকারে জারি করা হয়।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, সমগ্র দেশে মহিষ পালনের ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও এই উপখাতে ঋণ বিতরণের পরিমাণ অপ্রতুল। এ প্রেক্ষিতে, বার্ষিক কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি অনুসারে চর ও হাওড় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার কৃষক ও খামারীদেরকে মহিষ পালনে অধিকহারে কৃষি ঋণ বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ঋণের পরিমাণ ও মেয়াদ নিরূপণ এবং পরিশোধসূচি প্রণয়নে ব্যাংকগুলো নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে।প্রয়োজনবোধে গ্রহণ করা যেতে পারে প্রাণিসম্পদ অধিদফতরের জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তাদের সুপারিশ বা পরামর্শ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারের প্রাণিসম্পদ নীতিমালার বাস্তবায়ন ও উদ্দেশ্য অর্জনে ব্যাংকসমূহকে এ খাতের উন্নয়নে বার্ষিক কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে অন্যান্য গৃহপালিত প্রাণীর পাশাপাশি মহিষ পালনে কৃষি ঋণ বিতরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
/জিএম/