বাংলাদেশের উন্নয়ন টিআইবি ভালো চোখে দেখে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদবাংলাদেশের তৈরি পোশাক খাতের নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) করা প্রতিবেদনকে  অসত্য ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এই খাতের ক্ষতির উদ্দেশ্যেই এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। শনিবার ঢাকার বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ৪ নং হলে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসারিজ অ্যান্ড প্যাকেজিং ম্যান্যুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে চারদিনব্যাপী আয়োজিত গ্যাপেক্সপো-২০১৬- এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় তৈরি পোশাক শিল্প যথন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাক খাত ইমেজ সংকটে পড়েছিল। বর্তমান সরকার এবং তৈরি পোশাক শিল্পর মালিকদের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ সে সংকট কাটিয়ে উঠেছে। ক্রেতাদের সংগঠন অ্যাকর্ড এবং অ্যালায়েন্স নিয়মিত ভাবে তৈরি পোশাক কারখানাগুলো পরিদর্শ করে সন্তোষ প্রকাশ করছে। বিদেশি রাষ্ট্রদূতরা  কারখানাগুলো পরিদর্শন করে বাংলাদেশের কম্পলায়েন্স ইন্ডাস্ট্রি দেখে সন্তুষ্ট। যেসময় ক্রেতাগোষ্ঠী বাংলাদেশের প্রতি আস্থা ফিরে পেয়েছে, ঠিক সে সময় টিআইবি’র এ ধরনের অপ-প্রচার উদ্দেশ্য প্রাণোদিত। বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে টিআইবি এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশের কোনও উন্নয়ন টিআইবি ভালো চোখে দেখে না। টিআইবি’র বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন।

/এসআই/ এমএনএইচ/