দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে পরিকল্পনামন্ত্রী

২০২০ সালের মধ্যে সারাদেশ বিদ্যুতের আওতায় আসবে


আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠকে এএইচএন সিওনগ-ডুআগামী ২০২০ সালের মধ্যে শতভাগ এলাকা বিদ্যুতের আওতায় আসবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, সরকারের সফল বিনিয়োগনীতি, বিশেষ করে দূরদৃষ্টিসম্পন্ন কর্মযজ্ঞের ফলে ইতোমধ্যেই দেশের বিদ্যুতের উৎপাদন ও বিতরণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের ৭৪ ভাগ এলাকা বিদ্যুতের আওতায় আনা হয়েছে। বুধবার শেরেবাংলা নগরস্থ তার নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এএইচএন সিওনগ-ডু তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ সব তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে কয়েক গুণ। অথচ মাত্র পাঁচ বছর আগেও দেশের প্রায় ৫০ভাগ এলাকা বিদ্যুতের আওতার বাইরে ছিল। বিদ্যুতের ঘাটতি ছিল অসহনীয়।  তিনি বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। বাংলাদেশে বিভিন্নখাতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার একটি বিনিয়োগ বান্ধব সরকার।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে মুস্তফা কামাল বলেন, আইসিটি খাতে বাংলাদেশ অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে । সরকারের সুষ্ঠু পরিকল্পনার ফলে এখাতে মনোপলি ব্যবসা বন্ধ হয়েছে। দেশের টেলিডেনসিটি ও ইন্টারনেট ডেনসিটি বৃদ্ধি পেয়েছে।

এ সময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের অব্যহত অগ্রগতির প্রশংসা করেন।আইসিটি খাতে দক্ষিণ কোরিয়ার কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতার বিষয়টি তুলে ধরেন।

/এসআই/এমএনএইচ/