আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ অর্থনীতি সমিতির দুই দিনব্যাপী ২১তম দ্বিবার্ষিক সম্মেলন। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার সকাল সাড়ে ৯টায় সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রাক্তন সভাপতি অধ্যাপক রেহমান সোবহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে অর্থনীতি সমিতি।
অর্থনীতি সমিতি জানিয়েছে, সম্মেলনের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে ‘মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে’ অর্থনীতিশাস্ত্রে অনন্য সাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাতকে ‘মুজিব স্বর্ণপদক’ প্রদান করা হবে। এরপর ধারাবাহিকভাবে ৮টি কর্ম অধিবেশনে ৮৪টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।
এসব অধিবেশনে সভাপতি হিসেবে থাকবেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, অধ্যাপক ড. আবুল বারকাত, ইমেরিটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মণ্ডল, অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন খান, অধ্যাপক ড. আবদুল বায়েস, অধ্যাপক ড. শফিক উজ জামান, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং রাষ্ট্রদূত মো. আব্দুল হান্নান।
সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে ‘কোভিড-১৯ থেকে শোভন সমাজ’ শীর্ষক বিশেষ প্ল্যানারি অধিবেশনে বক্তা হিসেবে থাকবেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত।
সমাপনী অনুষ্ঠানে বেলা ১১টা ১৫ মিনিট থেকে অর্থনীতি সমিতির সাধারণ সভা এবং কার্যনির্বাহক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।