অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর  ফজলে কবির বলেছেন, কোভিড মোকাবিলায় আন্তর্জাতিক বাণিজ্যে বিধিনিষেধ আরোপের কারণে আমাদের রফতানি বাণিজ্যে স্থবিরতা পরিলক্ষিত হলেও তা এখন ঘুরে দাঁড়িয়েছে। শনিবার ( ১৯ ফেব্রুয়ারি) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বেসরকারি খাতের দৃষ্টিতে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর, ২০২১) বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পর্যালোচনা’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ফজলে কবির বলেন, আমাদের রফতানি বেশি মাত্রায় তৈরি পোশাকের উপর নির্ভরশীল। তবে কৃষি, ঔষধ, পাট, সিরামিক, লাইট ইঞ্জিনিয়ারিং প্রভৃতি সম্ভাবনাময় খাতকে প্রয়োজনীয় নীতি-সহায়তা দেওয়া জরুরি। তিনি বলেন, রফতানি বহুমুখীকরণ তহবিলের সম্প্রসারণ করা হয়েছে, যার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বাড়বে। নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে সকলকে আরও মনোযোগী হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সহায়তা নীতিমালা প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক, বিডা-এর সঙ্গে একযোগে কাজ করছে। তিনি সিএমএসএমই খাতকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে এ খাতের উন্নয়ন ও সম্প্রসারণে সবাইকে কাজ করার আহবান জানান।  

 ওয়েবিনারে এফবিসিসিআই সভাপতি  জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান সভাপতিত্বে ওয়েবিনারের সূচনা বক্তব্য দেন ঢাকা চেম্বারেরর ঊর্ধ্বতন সহ-সভাপতি আরমান হক।

ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান  ওয়েবিনারে ২০২১-২২ অর্থবছরের প্রথম প্রান্তিকের অর্থনীতির সার্বিক প্রেক্ষাপটের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধে তিনি বলেন, কোভিড পরবর্তী সময়ে বিশ্বব্যাপী ভোগ্য পণ্যের সাপ্লাই চেইনের ওপর বেশি মাত্রায় চাপ পড়ায় আমাদের দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ও কাঁচামাল আমদানিতে দাম বৃদ্ধি পাওয়ায়, স্থানীয় বাজারে মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে।  এমতাবস্থায় বিশেষকরে নিত্যপ্রয়োজনয় পণ্যে আমদানিকারকদের ঋণ সহায়তা ও আমদানিকৃত পণ্যের ওপর আরোপিত শুল্ক হ্রাস করার পরামর্শ দেন তিনি।