ভোজ্যতেলের পুরো দাম ভোক্তা নয়, সরকারও বহন করে: অর্থমন্ত্রী

ভোজ্যতেলের দাম পুরোটাই ভোক্তা নয়, সরকারও বহন করে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানিয়েছেন, ভোজ্যতেলের দাম যতটা বাড়ে তার পুরোটাই যাতে ভোক্তার ওপর না পড়ে সে বিষয়ে সরকারের চিন্তা থাকে।

বৃহস্পতিবার (৩ মার্চ) অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ভোজ্যতেলের দাম কী কারণে বাড়ছে তা আপনারা জানেন। আমি আগেও বলেছি যে পরিমাণ দাম বাড়ে তার পুরোটাই ভোক্তার ওপর যাতে না পড়ে সে বিষয়ে আমাদের চিন্তা থাকে। এজন্য আমরা দাম ভাগাভাগি করে নেই। কিছু ভোক্তা বহন করবে, কিছু সরকার বহন করবে।

ভোজ্যতেলের পুরো দাম এককভাবে ভোক্তার ওপর চাপিয়ে দিলে ভোক্তা সেটি বহন করতে পারতো না। এ খাতে অনেক বেশি ভর্তুকি প্রয়োজন। কী পরিমাণ ভর্তুকি প্রয়োজন, সে তথ্য যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আপনাদের দিতো তাহলে ভালো হতো বলেও জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, মুদ্রাস্ফীতি প্রতিনিয়ত হিসাব করা হয় না। কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি হিসাব করা হয়। আমরা প্রতি সপ্তাহে এটি চেঞ্জ করি না। এগুলোতে আমরা অনেকদিন পর হাত দেই। এগুলো বিশ্বব্যাংক, আইএমএফ বিশ্বাস করে। এখন এটি যদি আমাদের দেশের কেউ বিশ্বাস না করে, তাহলে ওনাদের তথ্য তো আমরা ব্যবহার করতে পারি না। তারা কীভাবে করে জানি না, তারা কী ভারত, রাশিয়া নাকি ফ্রান্সের ডাটা ব্যবহার করে সেটি আমরা জানি না।