বাংলাদেশে এলপিজি রফতানিসহ বাণিজ্য বাড়ানোর প্রস্তাব ইরানের

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর আগ্রহ ব্যক্ত করেছে ইরান। বাংলাদেশে সেমি-ফিনিসি এলপিজি রফতানি করার আগ্রহ প্রকাশ করেছে। এতে উভয় দেশ লাভবান হবে।
বুধবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ইরানের শিল্প, খনি এবং বাণিজ্যমন্ত্রির উপদেষ্টা মোহা. রেজা মওদোদীর নেতৃত্বে ইরানের একটি বাণিজ্য প্রতিনিধি দলের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
ইরানে বাংলাদেশে বড় রফতানি বাজার রয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশের তৈরি পোশাক, ঔষধ, পাটজাত পণ্যসহ বিভিন্ন পণ্যের প্রচুর চাহিদা রয়েছে ইরানে। বাণিজ্য বাড়ানোর  জন্য উভয় দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের সফর বিনিময়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এ মুহূর্তে ইরানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য খুবই সামান্য। মন্ত্রী বলেন, এখন উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সময় এসেছে। বাংলাদেশ এবং ইরানের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে ব্যবসার পরিধি বৃদ্ধি করা হবে। উভয় দেশে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় অংগ্রহণ করে পণ্যের সাথে পরিচয় ও গুনগত মান পরীক্ষা করার সুযোগ রয়েছে। আগামীতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বড় পরিসরে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে ইরান।
তোফায়েল আহমেদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এ মুহূর্তে দেশের মোট চাহিদার ৫০ ভাগ সরকার আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে এবং ৫০ ভাগ ব্যবসায়ী  টু ব্যবসায়ী (জি টু জি) জ্বালানি তেল সংগ্রহ হরা হচ্ছে। ইরান চায় উভয় দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি কমিটি গঠন করে বাণিজ্য কৌশল, পণ্য ও পরিমাণ নির্ধারণ করা হোক। এতে করে উভয় দেশ লাভবান হবে। নতুন পরিবেশ ও উদ্যোগে উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব। দীর্ঘদিন উভয় দেশের মধ্যে কোনও বাণিজ্য প্রতিনিধি দলের সফর হয়নি। উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে হবে।

এ সময় ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন আকবর, জহির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/আপ-এনএস/